আগরতলা, ২০ নভেম্বর : পুর ও নগর নির্বাচনে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করার আশ্বাসের মধ্যেই এবার মুখ্যমন্ত্রীর নিজ বিধানসভা কেন্দ্রেই আক্রান্ত হলেন কংগ্রেস নেতা। আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে প্রকাশ্য বাজারে কংগ্রেস নেতৃত্ব রতন কুমার দত্তের উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তির দেবব্রত মজুমদার ওরফে মনা নামে জনৈক যুবকের দিকে। শুধু কিল, ঘুষি ও চড়-থাপ্পড় নয়, কাঠের ফালি দিয়ে আঘাত করে তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন ৩৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ দাস।
পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলির প্রচার ক্রমশ জোরদার হচ্ছে। শাসক দল বিজেপির পক্ষ থেকে নির্বাচনে বিপুল জয়ের প্রত্যাশা ব্যক্ত করছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তাঁর নির্বাচনী কেন্দ্রেই এবার নির্বাচনী প্রচারকে ঘিরে বিরোধী দলের নেতার উপর হামলার অভিযোগ ওঠায় রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দ্বিতা কি শুধুই ভোটের লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে, নাকি বিরোধীদের প্রচারের পথেও বাধা হয়ে দাঁড়াবে রাজনৈতিক হিংসা—এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ৩৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে ৩৯ নম্বর ওয়ার্ড এলাকার স্থানীয় বাজারে বন্ধুর সঙ্গে বাজার করতে গিয়েছিলেন রতন কুমার দত্ত। তিনি প্রদেশ কংগ্রেসের ওবিসি মোর্চার সহ-সভাপতি। বৃষ্টির কারণে বাজারের একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময় হঠাৎ করে দেবব্রত মজুমদার ওরফে মনা নামে জনৈক যুবক আরও দু-তিনজনকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয়। অভিযোগ, কোনও কিছু বুঝে ওঠার আগেই তাঁরা রতন কুমার দত্তের উপর চড়াও হয়। প্রথমে তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও চড়-থাপ্পড় মারা হয়। পরবর্তী সময়ে কাঠের ফালি নিয়ে এসে তাঁর উপর হামলা চালানো হয় এবং প্রাণনাশের চেষ্টা করা হয় বলে অভিযোগ।
হামলার আকস্মিকতায় প্রথমে পরিস্থিতি সামাল দিতে পারেননি রতন কুমার দত্ত। তবে চায়ের দোকান ও বাজার এলাকার কয়েকজন ব্যবসায়ী বিষয়টি প্রত্যক্ষ করে দ্রুত এগিয়ে আসেন। তাঁদের তৎপরতায় হামলাকারীদের হাত থেকে রক্ষা পান তিনি। যদিও ততক্ষণে গুরুতর আহত হন কংগ্রেসের এই নেতা। প্রকাশ্য বাজারে এই ধরনের হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত রতন কুমার দত্তের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। আসন্ন পুর নিগম নির্বাচনে ৩৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ দাসের সমর্থনে নিয়মিত প্রচার চালাচ্ছেন। এলাকায় কংগ্রেস প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের সাড়া ক্রমশ বাড়ছে। আর সেই নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কারণেই তাঁর উপর এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর নিজ বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রকাশ্য বাজারে একজন রাজনৈতিক কর্মীর উপর এ ধরনের আক্রমণের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন আহত কংগ্রেস নেতা।
এদিকে ঘটনার খবর পেয়ে আহত রতন কুমার দত্তকে দেখতে হাসপাতালে ছুটে যান ৩৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ দাস। সেখানে আহত নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি গোটা ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। সিদ্ধার্থ দাসের অভিযোগ, নির্বাচনী প্রচারে কংগ্রেসের সক্রিয়তা দেখে প্রতিপক্ষ শিবিরের একাংশ ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছে। তাই রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এ ধরনের আক্রমণের আশ্রয় নেওয়া হচ্ছে। যদিও অভিযোগের বিষয়ে অভিযুক্ত বা বিজেপি নেতৃত্বের কোনও বক্তব্য এই ঘটনায় সামনে আসেনি।
কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ দাস স্পষ্ট ভাষায় দাবি করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক রাজনৈতিক দলেরই নির্বাচনী প্রচার চালানোর অধিকার রয়েছে। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি কোনও রাজনৈতিক কর্মীকে প্রকাশ্য বাজারে আক্রান্ত হতে হয়, তাহলে তা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক। তিনি অবিলম্বে মূল অভিযুক্ত দেবব্রত মজুমদার ওরফে মনাকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড থেকে এবারও বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অলক রায়। অন্যদিকে কংগ্রেসের হয়ে ময়দানে রয়েছেন এলাকার দীর্ঘদিনের যুব কংগ্রেস নেতৃত্ব সিদ্ধার্থ দাস। ফলে এই ওয়ার্ডে বিজেপি ও কংগ্রেসের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। তারই মধ্যে কংগ্রেস নেতৃত্বের উপর এই হামলার অভিযোগ নির্বাচনী পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্রেই নির্বাচনী প্রচারকে ঘিরে বিরোধী দলের নেতার আক্রান্ত হওয়ার অভিযোগ নগর ভোটের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভোটের ময়দানে জনসমর্থন যাচাই হওয়ার কথা ব্যালটের মাধ্যমে, সেখানে রাজনৈতিক বিরোধীতার জবাব যদি হামলা ও হুমকির মাধ্যমে দেওয়া হয়, তবে গণতান্ত্রিক পরিবেশের স্বাভাবিক সৌন্দর্যই প্রশ্নের মুখে পড়ে। এখন দেখার, এই ঘটনার পর প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং নির্বাচনের আগে ৩৯ নম্বর ওয়ার্ডে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কতটা কার্যকর ভূমিকা পালন করে।

