আগরতলা, ২০ নভেম্বর : প্রকৃতির এক অনন্য সম্পদ বাঁশকে কেন্দ্র করে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে ত্রিপুরা। বাঁশের উৎপাদন, প্রযুক্তি, ব্যবহার, শিল্পায়ন এবং বাজারজাতকরণকে আরও আধুনিক ও বিজ্ঞানসম্মত করে তুলতে আগরতলায় চালু হতে চলেছে দেশের প্রথম বাঁশ প্রযুক্তি ও ব্যবস্থাপনাভিত্তিক মহাবিদ্যালয়। কাঠিয়াবাবা কলেজ অব ব্যাম্বো টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট নামের এই শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিয়েছে কাঠিয়াবাবা ট্রাস্ট কর্তৃপক্ষ। শুধু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাই নয়, বাঁশকে কেন্দ্র করে একটি সুসংগঠিত অর্থনৈতিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে আমেরিকার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সাসটেইনেবিলিটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগও নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাঁশভিত্তিক শিল্পের পাশাপাশি রাজ্যের ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক স্তরে শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত আদান-প্রদানের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
শুক্রবার সিমনার কাতলামারার বাঁশগ্রামে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই পরিকল্পনার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন কলেজ কর্তৃপক্ষ। সাংবাদিক সম্মেলনে আমেরিকার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সাসটেইনেবিলিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কাঠিয়াবাবা কলেজ অব ব্যাম্বো টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মান্না রায় বলেন, বাঁশ কেবলমাত্র একটি বনজ সম্পদ নয়, বরং এটি কাঠের অন্যতম কার্যকর বিকল্প এবং অর্থনৈতিক বিকাশের এক বিশাল সম্ভাবনাময় উপাদান। সঠিক পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ তৈরি করা গেলে বাঁশকে কেন্দ্র করেই দেশের অর্থনীতিতে একটি শক্তিশালী নতুন ক্ষেত্র গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, সাধারণত একটি গাছ পরিপক্ক হতে প্রায় ৩০ বছর সময় লাগে। অথচ বাঁশের ক্ষেত্রে সেই চিত্র সম্পূর্ণ আলাদা। একটি বাঁশ কাটার পর পরবর্তী বছরেই নতুন বাঁশের জন্ম হয়। ফলে পরিবেশের ভারসাম্য বজায় রেখে তুলনামূলক দ্রুত এই সম্পদের পুনরুৎপাদন সম্ভব। দৈনন্দিন জীবনযাত্রার নানা প্রয়োজন থেকে শুরু করে নির্মাণশিল্প, আসবাবপত্র, হস্তশিল্প এবং বিভিন্ন শিল্পজাত পণ্য তৈরিতে বাঁশের বহুমুখী ব্যবহার রয়েছে। সঠিক প্রযুক্তি ও পরিকল্পনার মাধ্যমে এই প্রাকৃতিক সম্পদকে আরও ব্যাপকভাবে কাজে লাগানো সম্ভব।
মান্না রায়ের বক্তব্য, বাঁশকে কেন্দ্র করে অর্থনৈতিক বিপ্লব ঘটানোর ক্ষেত্রে চিনের অভিজ্ঞতা যথেষ্ট গুরুত্বপূর্ণ। চিনের অর্থনীতিতে বাঁশভিত্তিক শিল্প একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আমাদের দেশেও একই ধরনের সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে কয়েকটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এর মধ্যে রয়েছে সরকারের সুস্পষ্ট নীতি প্রণয়ন, শিল্পপতিদের বিনিয়োগ ও অংশগ্রহণ এবং বাঁশভিত্তিক শিল্পের জন্য প্রশিক্ষিত দক্ষ শ্রমিক তৈরি করা। এই তিনটি ক্ষেত্রের মধ্যে সমন্বয় ঘটাতে পারলে বাঁশকে কেন্দ্র করে বৃহৎ শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা সম্ভব।
তিনি আরও বলেন, বাঁশের উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াকরণ, শিল্পজাত পণ্য তৈরি, বিপণন এবং বাজারজাতকরণ পর্যন্ত একটি সুসংহত রূপরেখা তৈরি করা জরুরি। উৎপাদিত বাঁশের যথাযথ ব্যবহার এবং তার বাণিজ্যিক মূল্য বৃদ্ধির ব্যবস্থা করা গেলে এই ক্ষেত্রটি দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। শুধু কাঁচামাল হিসেবে বাঁশ বিক্রি না করে, আধুনিক প্রযুক্তির সাহায্যে বিভিন্ন মূল্য সংযোজিত পণ্য তৈরি এবং আন্তর্জাতিক বাজারে সেগুলির বিপণনের ব্যবস্থা করতে হবে। তাহলেই বাঁশ চাষি, শিল্পোদ্যোগী এবং প্রশিক্ষিত যুবক-যুবতীদের জন্য নতুন আয়ের পথ খুলবে।
এই বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখেই দেশের মধ্যে প্রথমবারের মতো আগরতলায় বাঁশ প্রযুক্তি ও ব্যবস্থাপনাভিত্তিক মহাবিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এই কলেজের মাধ্যমে বাঁশের উৎপাদন, ব্যবহার, আধুনিক প্রযুক্তি, শিল্প ব্যবস্থাপনা এবং বিপণন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষিত করে তোলার পরিকল্পনা রয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, আমেরিকার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সাসটেইনেবিলিটির সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে এই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক স্তরের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। মান্না রায় জানান, আগরতলায় কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর সংশ্লিষ্ট মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে ছাত্রছাত্রীদের পারস্পরিক আদান-প্রদানের সুযোগ তৈরি হবে। আমেরিকার শিক্ষার্থীরা ত্রিপুরায় আসবেন এবং রাজ্যের শিক্ষার্থীরাও আমেরিকা-সহ অন্যান্য দেশে যাওয়ার সুযোগ পাবেন। এর পাশাপাশি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত ক্ষেত্রেও পারস্পরিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের পরিকল্পনা রয়েছে।
সামগ্রিকভাবে বাঁশকে কেন্দ্র করে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং শিল্পের মধ্যে সমন্বয় ঘটিয়ে একটি নতুন অর্থনৈতিক ক্ষেত্র গড়ে তোলার স্বপ্ন দেখছে কাঠিয়াবাবা ট্রাস্ট কর্তৃপক্ষ। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ত্রিপুরায় বাঁশের প্রাচুর্যকে কাজে লাগিয়ে যদি আধুনিক শিল্প পরিকাঠামো এবং দক্ষ মানবসম্পদ তৈরি করা যায়, তাহলে রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। একসময় যে বাঁশকে মূলত গৃহস্থালির নানা কাজে ব্যবহৃত সাধারণ উপাদান হিসেবেই দেখা হতো, সেই বাঁশই আগামী দিনে আধুনিক প্রযুক্তি ও শিল্পায়নের হাত ধরে অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে। আগরতলায় প্রস্তাবিত এই মহাবিদ্যালয় সেই সম্ভাবনার দিকেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

