iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

নদী পর্যটনে ধারণা বদলেছেন প্রধানমন্ত্রী মোদী : সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ১০ নভেম্বর : পবিত্র যমুনার বুকে ‘নমো যমুনা রিভার সাফারি’র সূচনাকে ভারতের অভ্যন্তরীণ জলপথ ও নদী পর্যটনের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যা দিলেন কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মঙ্গলবার সোনিয়া বিহারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, অতীতে ভারতে নদী ক্রুজের অপার সম্ভাবনাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলেই এখন ভারত বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক স্তরে নজির স্থাপন করেছে।
উদ্বোধনী মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, “জলই সমস্ত জীবের প্রাণ; জল ছাড়া এই পৃথিবীর কোনও প্রাণীই বেঁচে থাকতে পারে না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারতের অভ্যন্তরীণ জলপথগুলির উন্নয়ন ও সম্ভাবনার বিষয়ে গভীর সমীক্ষা ও গবেষণার উদ্যোগ নেন। স্থানীয় মানুষের অকুণ্ঠ সমর্থন এবং দিল্লি সরকারের সহযোগিতায় সোনিয়া বিহারে আজকের এই সফল আয়োজন প্রধানমন্ত্রীর সেই বলিষ্ঠ দূরদর্শিতারই সুস্পষ্ট প্রমাণ।”
পূর্ববর্তী সরকারগুলির দৃষ্টিভঙ্গির সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী একবার ঠিকই বলেছিলেন—আগে রিভার ক্রুজ নিয়ে কথা উঠলেই মানুষ ইউরোপের উদাহরণ দিত। সাধারণ মানুষের ধারণা ছিল, রিভার ক্রুজের রোমাঞ্চ পেতে হলে ইউরোপে যেতে হবে, আর সমুদ্র ক্রুজের জন্য আমেরিকার মায়ামি। পূর্ববর্তী প্রশাসন এমন এক নেতিবাচক পরিবেশ তৈরি করে রেখেছিল, যাতে মনে হতো ভারতে এই ধরনের প্রকল্প গড়ে তোলা কোনোভাবেই সম্ভব নয়। গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো সুবিশাল নদী থাকা সত্ত্বেও আমরা রিভার ক্রুজকে অসম্ভব বলে ধরে নিয়েছিলাম।”
ভারতের সাম্প্রতিক সাফল্যের খতিয়ান তুলে ধরে সোনোয়াল যোগ করেন, “আজ ভারত বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ সফলভাবে পরিচালনা করে বিশ্বমঞ্চে এক নতুন মানদণ্ড তৈরি করেছে। ২৭টি নদী অববাহিকা ছুঁয়ে ৩,২০০ কিলোমিটার দীর্ঘ জলপথ অতিক্রম করা কোনও সাধারণ বিষয় নয়। সেই ঐতিহাসিক যাত্রায় অংশ নিয়েছিলেন সুইৎজারল্যান্ডের ৩২ জন বিদেশি পর্যটকও।” যমুনার বুকে চালু হওয়া এই আধুনিক সাফারি রাজধানীর পর্যটন ও পরিবেশ সচেতনতাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *