iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

আগরতলা শহরের জলাবদ্ধতা রোধে সেমিনার

আগরতলা, ১৬ জুলাই : আগরতলা শহরকে জলাবদ্ধতা মুক্ত ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে বিজ্ঞানসম্মত এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছে রাজ্য সরকার ও আগরতলা পুর নিগম।  ইতিমধ্যেই এই উদ্যোগের সুফল মিলতে শুরু করেছে বলে দাবি করেছেন রাজ্য সরকারের পূর্ত সচিব কিরণ গিত্তে।  তাঁর বক্তব্য, বর্তমানে ভারী বর্ষণের পরেও শহরের কোথাও ৩০ মিনিটের বেশি সময় ধরে জল জমে থাকে না।

বৃহস্পতিবার প্রজ্ঞা ভবনে আগরতলা শহরের জলাবদ্ধতা ও নগর নিষ্কাশন সমস্যা নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী ব্রেইনস্টর্মিং সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদসহ বিভিন্ন দফতরের আধিকারিক ও বিশেষজ্ঞরা।

সেমিনারের উদ্বোধন করে মেয়র দীপক মজুমদার বলেন, দ্রুত নগরায়নের ফলে আগরতলা শহরের নিকাশি ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।  এই পরিস্থিতিতে আধুনিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করা সময়ের দাবি।  শহরের বিভিন্ন অংশে নিকাশি ব্যবস্থার উন্নয়ন, খাল ও ড্রেন সংস্কার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারকে আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি।

পূর্ত সচিব কিরণ গিত্তে তাঁর বক্তব্যে আগরতলার গত এক দশকেরও বেশি সময়ের পরিবর্তনের চিত্র তুলে ধরেন।  তিনি বলেন, ২০০৯ সালে ভারতীয় প্রশাসনিক পরিষেবার (আইএএস) কর্মকর্তা হিসেবে আগরতলায় যোগদানের সময় শহরটি ছিল আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলের অধীনে।  বর্তমানে এটি পূর্ণাঙ্গ পুর নিগমে পরিণত হয়েছে এবং নাগরিক পরিষেবার ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে।

তিনি জানান, অতীতে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে জল জমে থাকত।  কিন্তু বর্তমানে নগর নিষ্কাশন ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর পরিকল্পনা, বৈজ্ঞানিক সমীক্ষা, ড্রেনেজ ম্যাপিং এবং দ্রুত জল নিষ্কাশনের উপযোগী অবকাঠামো গড়ে তোলার ফলে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।  এর ফলেই ভারী বর্ষণের পরেও শহরের অধিকাংশ এলাকায় ৩০ মিনিটের মধ্যে জল নেমে যাচ্ছে।

দুই দিনব্যাপী এই ব্রেইনস্টর্মিং সেমিনারে শহরের জলাবদ্ধতার মূল কারণ, বিদ্যমান নিকাশি ব্যবস্থার সীমাবদ্ধতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।  বিশেষজ্ঞ, প্রশাসনিক আধিকারিক এবং নগর পরিকল্পনাবিদরা এই আলোচনায় অংশ নিয়ে তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরবেন।

আয়োজকদের মতে, আগরতলা শহরকে ভবিষ্যতের জলবায়ুগত চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, জলাবদ্ধতামুক্ত এবং পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এই সেমিনার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *