আগরতলা, ১৪ জুলাই : রাজ্য সরকারের বাজেট বরাদ্দের ভিত্তিতে প্রাণীসম্পদ বিকাশ দফতর, মৎস্য দফতর এবং তপশিলি জাতি কল্যাণ দফতরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার পশ্চিম জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সোনার তরী রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট তিন দফতরের মন্ত্রী সুধাংশু দাস।
বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়ক অন্তরা দেব সরকার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম জেলার এমডিসি, বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং প্রাণীসম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলি জাতি কল্যাণ দফতরের আধিকারিকরা।
বৈঠকে চলতি অর্থবর্ষে তিনটি দফতরের জন্য বরাদ্দ হওয়া অর্থ কীভাবে ব্যয় করা হচ্ছে এবং সেই অর্থের মাধ্যমে গত চার মাসে কোন কোন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে বা বাস্তবায়নের পথে রয়েছে, তার বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হবে কিনা, সেই বিষয়েও আলোচনা হয়।
পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, রাজ্য সরকারের বাজেট বরাদ্দ অনুসারে তিনটি দফতরের জন্য জেলাভিত্তিক অর্থ মঞ্জুর করা হয়েছে। সেই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই ধরনের পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, “গত চার মাসে কোন কোন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ হয়েছে, কোন কাজগুলি বর্তমানে চলছে এবং সেগুলি নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হবে কিনা, তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।”
মন্ত্রী আরও জানান, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোথাও কোনও প্রশাসনিক, কারিগরি বা অন্য কোনও ধরনের বাধা-বিপত্তি রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে সেই সমস্যাগুলি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে যাতে উন্নয়নের কাজ ব্যাহত না হয়।
এছাড়াও গত অর্থবর্ষে বরাদ্দ হওয়া অর্থের ভিত্তিতে কী কী উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে, তারও বিশদ পর্যালোচনা করা হয় বৈঠকে। বিভিন্ন প্রকল্পের বাস্তব অগ্রগতি, উপভোক্তাদের কাছে পরিষেবা পৌঁছানোর হার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী।
বৈঠকে উপস্থিত জনপ্রতিনিধিদের কাছ থেকেও তিনটি দফতরের কাজকর্ম ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে মতামত ও পরামর্শ চাওয়া হয়। বিধায়ক অন্তরা দেব সরকার-সহ উপস্থিত জনপ্রতিনিধিরা তাঁদের নিজ নিজ এলাকার অভিজ্ঞতা, চাহিদা ও প্রস্তাব তুলে ধরেন। উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে জনপ্রতিনিধিদের পরামর্শকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়।
রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলিকে আরও কার্যকর এবং জনমুখী করে তোলার লক্ষ্যেই এই ধরনের জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

