iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

ভারত-বাংলাদেশ সম্পর্কে চিড় ধরার কোনও সুযোগ নেই: রিয়াজ হামিদুল্লাহ

আগরতলা, ৯ জুলাই  : ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্কের বন্ধনে কোনও ধরনের চিড় ধরার সুযোগ বা সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার অ্যাম্বাসেডর মহম্মদ রিয়াজ হামিদুল্লাহ। বৃহস্পতিবার আগরতলায় অনুষ্ঠিত ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ’-এ যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।

এদিন বিজনেস কনক্লেভে অংশগ্রহণের পাশাপাশি তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলোচনা করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, সীমান্তবর্তী অঞ্চলের উন্নয়ন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে বলে জানা যায়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশের হাইকমিশনার বলেন, “মানুষে মানুষে সম্পর্ক যত বেশি সুদৃঢ় হবে, দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্র ততই প্রসারিত হবে।” তিনি জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনায় জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

রিয়াজ হামিদুল্লাহ আরও বলেন, প্রকৃতি, সংস্কৃতি এবং মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক যদি আরও গভীর হয়, তাহলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন, বিনিয়োগ এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দিল্লির সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। দুই দেশের সরকারই সম্পর্ককে আরও মজবুত ও বহুমাত্রিক করে তুলতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের হাইকমিশনার স্পষ্ট ভাষায় বলেন, “ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে কোনও ধরনের ভাঙন বা দূরত্ব সৃষ্টি হওয়ার সুযোগ কিংবা সম্ভাবনা নেই। দুই দেশের বন্ধুত্ব পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং ঐতিহাসিক সম্পর্কের ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে।”

উল্লেখ্য, ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ’-এ অংশগ্রহণের উদ্দেশ্যে বুধবার ট্রেনে করে আগরতলায় পৌঁছান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ রিয়াজ হামিদুল্লাহ। আগরতলায় পৌঁছানোর পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাঁর এই সফরকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *