iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

২২ মাসের মনশ্রীর পাশে মানবতার হাত, ৮৬ হাজার টাকার সহায়তা ‘সৎ ভাবনা’-র

আগরতলা, ৮ জুলাই  : স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ)-এর মতো বিরল ও জটিল রোগে আক্রান্ত ২২ মাসের শিশু মনশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য মানবিকতার হাত বাড়িয়ে দিল সামাজিক সংগঠন ‘সৎ ভাবনা’। বুধবার সংগঠনের উদ্যোগে মনশ্রীর পরিবারের হাতে ৮৬ হাজার টাকা তুলে দেওয়া হয়।

সংগঠনের সদস্যরা জানান, ছোট্ট মনশ্রী দীর্ঘদিন ধরে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি রোগে ভুগছে। এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং উন্নত চিকিৎসার জন্য বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন। পরিবারের পক্ষে সেই ব্যয়ভার বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসেছে ‘সৎ ভাবনা’ সংগঠন।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতাই মনশ্রীর চিকিৎসার পথকে সুগম করতে পারে। তাই শিশুটির জীবন বাঁচাতে এবং তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সকলের কাছে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

এদিন সংগঠনের সদস্যরা আরও বলেন, একটি শিশুর জীবন রক্ষায় সমাজের প্রতিটি মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। মানুষের আন্তরিকতা, সহমর্মিতা এবং সম্মিলিত উদ্যোগই মনশ্রীর সুস্থ হয়ে ওঠার লড়াইকে শক্তিশালী করতে পারে। তাই শিশুটির সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার স্বার্থে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

‘সৎ ভাবনা’-র এই মানবিক উদ্যোগ ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। সংগঠনের এই পদক্ষেপ সমাজের অন্যান্য ব্যক্তি ও সংগঠনগুলিকেও মানবিক সহায়তার কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *