আগরতলা, ২৩ নভেম্বর : বিজেপির পক্ষে এখন আর শুধু বাতাস কিংবা হাওয়া নয়, উঠেছে সুনামি ঝড়। এই ঝড় অব্যাহত থাকলে আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে বিরোধীদের একটি আসন পাওয়াও কঠিন হয়ে পড়বে। এমনই দাবি করলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। সোমবার আগরতলা পুর নিগমের ১০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ রায়ের সমর্থনে আয়োজিত পদযাত্রায় অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, আসন্ন নগর নির্বাচনে কংগ্রেস ও সিপিআইএম কার্যত রাজনৈতিকভাবে ধরাশায়ী হতে চলেছে।
আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে সোমবার বিজেপির ১০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী পদযাত্রার আয়োজন করা হয়। চন্দ্রপুর টাটা কালীবাড়ি সংলগ্ন ইচামুয়া এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়। এতে রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ, বিজেপি মনোনীত প্রার্থী বিশ্বজিৎ রায়-সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। পদযাত্রায় দলীয় কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। গোটা এলাকায় বিজেপির সমর্থনে ব্যাপক সাড়া পড়েছে বলেও দাবি করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রতনলাল নাথ বলেন, আগে বিজেপির পক্ষে বাতাস ছিল, তারপর সেই বাতাস হাওয়ায় পরিণত হয়েছে। আর বর্তমানে বিজেপির সমর্থনে সুনামি ঝড় উঠেছে। এই ঝড়ের প্রভাবেই এখন দলের কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তাঁর কথায়, বর্তমানে বিজেপির নির্বাচনী স্লোগান ৫১-তে ৫১। শুধু আসন জয় নয়, প্রতিটি ওয়ার্ডে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করাই এখন দলের লক্ষ্য। শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মেহনতি মানুষ বিজেপির সমর্থনে স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছেন বলেও দাবি করেন তিনি।
এদিনের পদযাত্রাটি ৬ নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্রভিত্তিক কর্মসূচির অংশ বলে জানান মন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, টিটিএএডিসি নির্বাচন থেকে শুরু করে ভিলেজ কমিটি নির্বাচন এবং বর্তমানে নগর নির্বাচন—প্রতিটি ক্ষেত্রেই বিজেপি তথা এনডিএর পক্ষে জনসমর্থনের হাওয়া ক্রমশ শক্তিশালী হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে বিরোধীদের পক্ষে একটি আসন জেতাও কঠিন হয়ে পড়বে। এমনকি ১৩ নম্বর প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে সিপিআইএম ভালো ভোট পাবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। একইভাবে ৬ নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্রে বিরোধী নেতা সুদীপ রায় বর্মনের রাজনৈতিক অবস্থান নিয়েও কটাক্ষ করেন মন্ত্রী। তাঁর বক্তব্য, চালাকি করে সাময়িকভাবে রাজনৈতিক সুবিধা পাওয়া গেলেও দীর্ঘদিন তা ধরে রাখা সম্ভব নয়।
এদিকে বিজেপির মাস্ক মিছিলকে কেন্দ্র করে বিরোধীদের সমালোচনার প্রসঙ্গেও এদিন মুখ খোলেন রতনলাল নাথ। এই কর্মসূচির পক্ষে সাফাই দিয়ে তিনি বলেন, মানিক সরকারও মাস্ক ব্যবহার করেন, তিনিও নিজে মাস্ক ব্যবহার করেন। মাস্ক পরা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত একটি বিষয়। এখনও পর্যন্ত দেশের কোনও আইনেই মাস্ক পরা নিষিদ্ধ করা হয়নি। তাই মাস্ক ব্যবহার নিয়ে অযথা বিতর্ক তৈরির কোনও কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও অভিযোগ করেন, মাস্কের বিষয়টিকে সামনে রেখে বিরোধীরা আসলে নির্বাচনী অজুহাত খুঁজছে। তাঁর দাবি, কংগ্রেস ও সিপিআইএম বিভিন্ন অজুহাত তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে। তবে বিজেপির পক্ষে যে জনসমর্থনের ঢেউ তৈরি হয়েছে, তাতে বিরোধীদের সমস্ত রাজনৈতিক কৌশল ব্যর্থ হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সব মিলিয়ে নগর নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির প্রচারে আত্মবিশ্বাসের সুর আরও জোরালো করলেন মন্ত্রী রতনলাল নাথ। একই সঙ্গে ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগাম রাজনৈতিক লড়াইয়ের বার্তাও দিলেন তিনি।

