আগরতলা, ২৩ নভেম্বর : নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেও গত সাত দিন ধরে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত দুই পরিবার। পাড়ার কয়েকজন গ্রাহকের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে নিয়মিত বিল পরিশোধকারী এই দুই পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে বামুটিয়া বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে গোচামুড়া এলাকায়। বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে চরম গাফিলতি, দায়িত্বজ্ঞানহীনতা এবং গ্রাহক হয়রানির অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
ঘটনার বিবরণে জানা যায়, বামুটিয়া বিদ্যুৎ বিভাগের অধীন গোচামুড়া এলাকার বাসিন্দা যুগল মুণ্ডা ও সঞ্জীব মুণ্ডা দীর্ঘদিন ধরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। তাঁদের দাবি, বিদ্যুৎ বিলের কোনও বকেয়া নেই। নির্ধারিত সময়ের মধ্যেই তাঁরা বিদ্যুৎ বিল জমা দিয়ে থাকেন। তা সত্ত্বেও তাঁদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অভিযোগ, একই পাড়ার কয়েকজন গ্রাহকের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণেই এই দুই পরিবারের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। এর ফলে গত সাত দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাতে হচ্ছে তাঁদের।
সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো, নিজেদের কোনও বকেয়া না থাকা সত্ত্বেও অন্য গ্রাহকদের বিল অনাদায়ের মাশুল গুনতে হচ্ছে তাঁদের। বিদ্যুৎ পরিষেবার মতো অত্যন্ত জরুরি পরিষেবা থেকে এভাবে বঞ্চিত হওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন দুই পরিবারের সদস্যরা। দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে রাতের অন্ধকারে স্বাভাবিক জীবনযাপন—সব ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের।
এই সমস্যার দ্রুত সমাধানের আশায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বামুটিয়া বিদ্যুৎ বিভাগের অফিসে যোগাযোগ করেন। কিন্তু অভিযোগ, তাঁদের সমস্যার সমাধানে কার্যকর কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। বরং পাড়ার অন্যান্য বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে অথবা তাঁদের বিদ্যুৎ বিভাগের অফিসে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। এতে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন যুগল মুণ্ডা ও সঞ্জীব মুণ্ডা। তাঁদের বক্তব্য, অন্য গ্রাহকদের কাছ থেকে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করা বিদ্যুৎ বিভাগের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থতার বোঝা কেন নিয়মিত বিল পরিশোধকারী গ্রাহকদের উপর চাপানো হবে?
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রশ্ন, বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে তাঁরা যখন কোনও অনিয়ম করেননি, তখন তাঁদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার যুক্তি কোথায়? কোনও গ্রাহকের বিল বকেয়া থাকলে সংশ্লিষ্ট গ্রাহকের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কিন্তু অন্যের বকেয়ার কারণে নির্দোষ গ্রাহকদের বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া কতটা যুক্তিসংগত, তা নিয়েই উঠছে বড়সড় প্রশ্ন।
শুধু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাই নয়, বামুটিয়া বিদ্যুৎ বিভাগের সিনিয়র ম্যানেজারসহ অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও তুলেছেন তাঁরা। পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধান চাইতে গিয়ে যদি গ্রাহকদের হয়রানির শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে তাঁদের অভিযোগ জানাবেন, সেই প্রশ্নও তুলেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
তাঁদের স্পষ্ট দাবি, অবিলম্বে কোনও ধরনের শর্ত আরোপ না করে যুগল মুণ্ডা ও সঞ্জীব মুণ্ডার বাড়িতে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে হবে। পাশাপাশি, কী কারণে নিয়মিত বিল পরিশোধকারী দুই পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো, তারও উপযুক্ত ব্যাখ্যা দিতে হবে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষকে।
এদিকে, বিদ্যুৎ পরিষেবা নিয়ে রাজ্য সরকারের নানা উদ্যোগ ও উন্নয়নের দাবির মধ্যেই গোচামুড়ার এই ঘটনা বিদ্যুৎ বিভাগের পরিষেবা ও গ্রাহক হয়রানির বিষয়টিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। সাধারণ গ্রাহক সময়মতো বিল পরিশোধ করার পরও যদি অন্যের বকেয়ার কারণে বিদ্যুৎহীন থাকতে বাধ্য হন, তাহলে বিদ্যুৎ বিভাগের জবাবদিহি কোথায়—এমন প্রশ্নই এখন এলাকাবাসীর মুখে মুখে।
এখন দেখার বিষয়, বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের দপ্তর গোচামুড়ার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে। সাত দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় থাকা যুগল মুণ্ডা ও সঞ্জীব মুণ্ডার পরিবার কবে নাগাদ স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা ফিরে পায়, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

