গান্ধীনগর (গুজরাট), ২৩ নভেম্বর : তরুণ প্রজন্মকে শারীরিকভাবে সুস্থ ও পরিবেশ সচেতন করে তুলতে সাইক্লিংকে কেবল প্রয়োজন নয়, বরং ‘ফ্যাশন এবং নেশা’-য় পরিণত করার আহ্বান জানালেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। রবিবার গুজরাটের গান্ধীনগরের ‘ডান্ডি কুটির’ থেকে ‘সানডে অন সাইকেল’ অভিযানের ৯৯-তম সংস্করণের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি।
সংবিধান দিবস উদযাপন এবং ফিটনেস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এদিন দেশজুড়ে ২৬,০০০টি স্থানে একযোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডঃ মনসুখ সাইক্লিংকে একটি সম্পূর্ণ ব্যায়াম এবং যানজট ও বায়ুদূষণ সমস্যার অন্যতম প্রধান সমাধান হিসেবে বর্ণনা করেন। তিনি দেশের যুবসমাজকে সাইক্লিংকে ফ্যাশন এবং নেশা উভয় হিসেবেই গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন বাস্তবায়িত করতে তরুণদের একই সঙ্গে স্বাস্থ্য সচেতন এবং দেশ সচেতন হয়ে উঠতে হবে। পাশাপাশি, আগামী ২৯ নভেম্বর এই অভিযানের ঐতিহাসিক ১০০তম সংস্করণ অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা করেন তিনি।
অনুষ্ঠানে গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি দেশজুড়ে ‘ফিট ইন্ডিয়া’ এবং ‘মাদকমুক্ত ভারত’ উদ্যোগগুলিকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডঃ মাণ্ডব্যর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর এই নিরলস প্রচেষ্টা সারা দেশের তরুণ নাগরিকদের অনুপ্রাণিত করছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি স্থানীয় সাইক্লিস্ট ও ক্রীড়াবিদদের সঙ্গে স্বাস্থ্য সচেতনতা প্রচারের উদ্দেশ্যে একটি সাইকেল র্যালিতেও অংশগ্রহণ করেন।

