হুগলি,২০ নভেম্বর : এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি ও রোগ প্রতিরোধ সংক্রান্ত সঠিক ধারণা গড়ে তুলতে বৃহস্পতিবার আয়োজিত হল রাজ্য স্তরের রেড রিবন কুইজ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বা চূড়ান্ত পর্ব।
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনস্থ পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সমিতির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্যোত মুখোপাধ্যায় এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা বলাগড়ের বিধায়ক সুমনা সরকার।
এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধের উপায়, নিরাপদ স্বাস্থ্যবিধি এবং এই সংক্রান্ত সঠিক তথ্য সম্পর্কে জ্ঞান যাচাই করা।
অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকদের মতে, পড়ুয়াদের মধ্যে সচেতনতা ও বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের কাছে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। একটি সুস্থ, সচেতন ও রোগমুক্ত সমাজ গঠনে রেড রিবন কুইজের মতো উদ্যোগ বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

