আগরতলা, ১৬ নভেম্বর : আসন্ন পুর ও নগর সংস্থার নির্বাচনে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের দাবিতে এবার সরাসরি আন্দোলনে নামল প্রদেশ কংগ্রেস। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সোমবার মহাকরণে রাজ্য নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে ধর্নায় বসেন কংগ্রেস নেতৃত্ব। আরক্ষা প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়ে পুর ও নগর নির্বাচনে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
সদ্য সমাপ্ত ভিলেজ কমিটির নির্বাচনের আদলে রাজ্যের ২১টি পুর ও নগর সংস্থার নির্বাচনেও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের দাবিতে এদিন একযোগে বিভিন্ন স্থানে কর্মসূচি গ্রহণ করে কংগ্রেস। রাজ্যের বিভিন্ন জেলা শাসকের কার্যালয়ের পাশাপাশি মহাকরণে রাজ্য নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনেও ধর্না কর্মসূচি পালন করেন দলের নেতা-কর্মীরা।
মহাকরণে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব শিষ্ঠ মহান দাস, জয়দীপ রায় বর্মন, দলের কোষাধ্যক্ষ শ্যামল পাল সহ অন্যান্য নেতা-কর্মীরা। ধর্নায় বসার আগে প্রদেশ কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে নগর নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনে কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ২১টি পৌর ও নগর সংস্থার প্রতিটি এলাকায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা প্রয়োজন।
এদিনের কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, গত ১২ অক্টোবরও একই দাবিতে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও এই গুরুত্বপূর্ণ দাবির বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাঁর অভিযোগ, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে রাজ্য নির্বাচন কমিশন এমন অবস্থান গ্রহণ করছে, যার ফলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নির্বাচনে বাড়তি সুবিধা পেতে পারে। আরক্ষা প্রশাসনের ঘাড়ে দায় চাপিয়ে কমিশন নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সাম্প্রতিক বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী বিভিন্ন নির্বাচনী সভায় গিয়ে দলীয় কর্মী-সমর্থকদের ৫১টি আসনের মধ্যে ৫১টিতেই জয়লাভ করার আহ্বান জানাচ্ছেন। একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশের পক্ষে বড় অন্তরায়। এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষেও বিপজ্জনক বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
আশীষ কুমার সাহার আরও অভিযোগ, শুধু ত্রিপুরায় নয়, গোটা দেশেই ভোট চুরি ও ভোট লুটের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চলছে। গণতন্ত্রের মৌলিক অধিকার এবং ভোটদানের স্বাধীনতা রক্ষার স্বার্থেই তাঁদের এই আন্দোলন। নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দল যাতে সমান সুযোগ পায় এবং ভোটাররা কোনও ধরনের ভয়ভীতি বা প্রভাব ছাড়াই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক ও প্রশাসনিক দায়িত্ব বলে দাবি করেন তিনি।
এদিকে মহাকরণে কংগ্রেসের ধর্না কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাজ্য পুলিশের আইজি (আইন-শৃঙ্খলা) মনচাক ইপ্পার। তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলেন। তাঁদের দাবি ও বক্তব্য শোনেন আইজি। তবে পুলিশের আইজি-র সঙ্গে আলোচনার পরও সন্তুষ্ট হতে পারেননি কংগ্রেস নেতৃত্ব। নিজেদের দাবিতে অনড় থেকে মহাকরণে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন তাঁরা।
এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার মহাকরণ চত্বরে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি যাতে কোনওভাবেই উত্তপ্ত না হয়ে ওঠে, সেজন্য মহাকরণের সামনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে আরক্ষা প্রশাসন। মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তারক্ষীও।
সব মিলিয়ে আসন্ন পুর ও নগর নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রশ্নে কংগ্রেসের এই আন্দোলন রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নিরাপত্তা ব্যবস্থা এবং অবাধ ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করার দাবিকে কেন্দ্র করে আগামী দিনে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

