iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সম্পন্ন ছটপুজো, মালদায় পুজো দিলেন মন্ত্রী জয়েল মুর্মু

মালদা, ১৬ নভেম্বর : উদীয়মান সূর্যদেবকে ‘ঊষা অর্ঘ্য’ নিবেদনের মধ্য দিয়ে সোমবার সকালে সম্পন্ন হল চার দিনব্যাপী মহাপর্ব ছটপুজো। পুজোর অন্তিম দিনে মালদা জেলার বিভিন্ন নদী ও পুকুরঘাটে ভোর থেকেই ভক্ত ও পুণ্যার্থীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। এদিন হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডীর টাঙ্গন নদীর ঘাটে ছটপুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী জয়েল মুর্মু।

টাঙ্গন নদীর ঘাটের কর্মসূচি শেষে তিনি হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের কেন্দপুকুর বেস্ট পাড়ার পুকুরঘাটে গিয়ে পুজার্চনায় অংশ নেন। সেখানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপালি বালা, বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিং, হবিবপুরের বিডিও অংশুমান দত্ত এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা। পরবর্তীতে তাঁরা বৈদ্যপুর অঞ্চলের হরিশ্চন্দ্রপুর যুব সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত ছটপুজোয় যোগ দেন। সেখানে সূর্যদেব ও গঙ্গা মায়ের মূর্তিতে পুজো নিবেদন করেন মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রীতি মেনে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেওয়ার মধ্য দিয়ে পুজোর মূল আচারের সমাপ্তি ঘটে এবং এরপর উপস্থিত সকলে প্রসাদ গ্রহণ করেন। উল্লেখ্য, ছটপুজো উপলক্ষে মালদার বিভিন্ন ঘাটে সকাল থেকেই ভক্তদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। উৎসবকে কেন্দ্র করে গোটা জেলায় এক পবিত্র ধর্মীয় আবহ ও ব্যাপক জনসমাগম পরিলক্ষিত হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *