iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

গ্রামবাংলার লৌকিক উৎসব; অগ্রহায়ণ মাসব্যাপী ইতু পুজোয় হয় প্রকৃতি ও সূর্যের উপাসনা

কলকাতা, ১৬ নভেম্বর : কথাতেই আছে যে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বছরভর হিন্দু ধর্মের প্রধান দেবদেবীদের পাশাপাশি গ্রামবাংলায় পুজো পেয়ে থাকেন বিভিন্ন আঞ্চলিক, লৌকিক দেব-দেবীরা। ইতু তার মধ্যে অন্যতম। ইতু হেমন্তের পুজো। শীতের আগমনী বার্তা নিয়ে আসে এই পুজো। কার্তিক সংক্রান্তি থেকে অগ্রহায়ণ সংক্রান্তি, মাসব্যাপী হয় আরাধনা। ইতুকে সাধভক্ষণের প্রথাও রয়েছে কোথাও কোথাও।

বাংলার গ্রামগঞ্জের অন্যতম লৌকিক উৎসব এই পুজো। বাড়ির মহিলাদের কাছে পূজিত হন ইতু। অনেকেই মনে করেন, ইতু শব্দটি ‘মিতু’ বা ‘মিত্র’ থেকে উৎপত্তি। সূর্যের আরেক নাম মিত্র এবং রবি। মিত্র অপভ্রংশ হয়ে মিতু, তার থেকে এসেছে ইতু। যা আসলে সূর্যের অপর নাম। জনশ্রুতি, ফসলের মাসে সূর্যদেবকে তুষ্ট রাখতেই হয় এই পুজো। অগ্রহায়ণের সূর্যালোকে ফসল উৎপাদন যাতে বেশি হয়, তাই ইতু পুজো করে সূর্যদেবকে তুষ্ট করার এই রীতি। শোনা যায়, একই কারণে পারস্য দেশেও এককালে হতো মিথু নামক পুজো। যদিও মতান্তরে, ইতুপুজো ইন্দ্রদেবের পুজো। তবে, যে দেবতারই হোক না কেন, পুজোর মূল উদ্দেশ্য, সাংসারিক কল্যাণ ও শ্রীবৃদ্ধি।

এই পুজোর উপকরণে রয়েছে বৈচিত্রের ছোঁয়া। মাটির পাত্র ও ঘট সাজিয়ে করতে হয় ইতুর পুজো। এই পুজোয় লাগে মাটির সরা। খড়ের বিঁড়ের উপরে ইতুর সরা বসানো হয়। সরায় দেওয়া হয় মাটি। মাটিপূর্ণ সরার মাঝে একটি ঘট স্থাপন করতে হয়। এছাড়াও সরায় দেওয়া হয় শস্যদানা ও তৃণগুচ্ছ। থাকে কলমী শাক, সরষে, ধান, কচু, ছোলা, মটর, তিল, যব, আখ, শুশনি, পাঁচকলাই ইত্যাদি। গাছ এবং বীজ বপন করে সেটিকে পুজো করা হয়। অগ্রহায়ণ মাসব্যাপী প্রতি রবিবার হয় ইতু পুজো। অগ্রহায়ণ সংক্রান্তিতে পুজো শেষে ইতুকে পুকুর বা নদীতে বিসর্জন দিয়ে হয় ব্রতের সমাপন।

ইতু প্রধানত সূর্যদেবের পুজো হলেও এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন দেবী লক্ষ্মী। ব্রতকথায় সরাসরি উল্লেখ না থাকলেও, ইতু পুজোর সঙ্গে দেবী লক্ষ্মীর যোগ বেশ পরিলক্ষ্যণীয়। হিন্দু ধর্মমতে, সূর্য হল উর্বরা শক্তির আধার। তাঁর দাক্ষিণ্যে প্রকৃতি হয়ে ওঠে সুজলা ও সুফলা। আর তাতেই বেড়ে ওঠে দেবী লক্ষ্মীর প্রভাব। ইতুর ব্রত করলে বৃদ্ধি পায় ধনসম্পদ। তাই, সূর্যদেবের আরাধনা হলেও ইতু পুজো যে একদিক থেকে লক্ষ্মী দেবীরও কৃপা প্রার্থনা, সে কথা বলাই বাহুল্য।

কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের থেকে আবার জানা যায়, সাধারণত রবিশস্যের অঙ্কুরোদগম পরীক্ষারই ধর্মীয় মোড়ক ইতু পুজো। প্রাচীন কৃষি ব্যবস্থায় শস্য বীজ সংরক্ষণে কোনও যথোপযুক্ত ব্যবস্থা ছিল না, সেই জন্যেই অঙ্কুরোদগমের নির্দিষ্ট শতকরা হিসেব পাওয়া যেত না। এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য একটি পাত্রে জমির মাটির ওপর বীজ ছড়িয়ে অঙ্কুরোদগমের শতকরা হিসেব মেপে নেওয়া হত। জায়গা ভেদে রবিশস্যের বীজগুলি কোথাও নয়টি, কোথাও এগারোটি আবার কোথাও তেরোটি করে দেওয়ার বিধান আছে। এর মধ্যে কতগুলি বীজের অঙ্কুরোদগম হলো সেই হিসেবে মাঠে বীজের পরিমান (সিড রেট) ঠিক করা যেত। অঙ্কুরোদগম-এর উপযুক্ত আর্দ্রতা (অপটিমাম ময়েশ্চার কন্ডিশন) রাখার জন্য সরার মাঝখানে একটি ছোট জল ভর্তি মাটির ঘট রাখা হয়। এই মাটির ঘটের গা থেকে চুঁইয়ে আসা জলই পাত্রের মাটির উপযুক্ত আর্দ্রতা বজায় রাখে।শীতকালীন চাষের আগে রবিশস্যের বীজের অঙ্কুরোদগম-এর তথ্য সংগ্রহই ছিল ব্রতপালনের উৎস। বিবাহিত ও অবিবাহিত‚ সব মেয়েই এই ব্রত পালন করতে পারে। একবার ব্রত শুরু করলে পালন করতে হয় আজীবন। যতদিন না ব্রতপালনের ভার মেয়ে বা পুত্রবধূ নিচ্ছে‚ ততদিন ব্রতধারীকে পালন করতেই হবে ইতুপুজো। অর্থাৎ এক্ষেত্রে অভিজ্ঞতাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এইভাবেই ধর্ম ও কৃষিবিজ্ঞান অঙ্গাঙ্গী হয়ে যায় বাংলার ব্রতকথায়।

এই পুজো করে বাড়ির গিন্নি পড়েন ইতুর ব্রতকথা। তাতে রয়েছে গরীব ব্রাহ্মণের কন্যাদ্বয় উমনো আর ঝুমনো-র গল্প। তবে, একেকটি প্রজন্মের সঙ্গে যেমন হারিয়ে যায় অনেক লোকাচার, তেমনভাবেই এখন প্রায় হারিয়ে যেতে বসেছে বাংলার এই ব্রতকথা। অথচ কত ইতিহাস, সময়ের দলিল রয়ে গেছে প্রাচীন বাংলার এইসব ব্রতকথার অন্তরালে।

ফি বছর ছট পুজো আর ইতু পুজো হয় মাত্র কয়েকদিনের ব্যবধানে। স্থানভেদে নাম আলাদা হতে পারে, কিন্তু দুটোই তো আদতে সূর্যের উপাসনা, প্রকৃতি মায়ের আরাধনা। হিন্দু সংস্কৃতি, সনাতন ধর্মের সঙ্গে ওতপ্রোত উভয়ই।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *