কলকাতা, ১৬ নভেম্বর : বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উপলক্ষে রবিবার টালিগঞ্জের ম্যুর অ্যাভিনিউয়ে সম্বোধি বৌদ্ধ বিহারে আয়োজিত হল ১৮তম কঠিন চীবর দান উৎসব। টালিগঞ্জ ম্যুর অ্যাভিনিউ বৌদ্ধ সমিতির উদ্যোগে এদিন আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি কৃতী পড়ুয়াদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।এদিন সকাল থেকেই বুদ্ধের পূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, চীবর পরিক্রমা ও বুদ্ধকীর্তনের আয়োজন ছিল। উপস্থিত ছিলেন থাইল্যান্ডের ধর্মকায়া ফাউন্ডেশনের আন্তর্জাতিক প্রতিনিধিদল। এর নেতৃত্বে ছিলেন ওয়ার্ল্ড অ্যালায়েন্স অব বুদ্ধিস্টসের সভাপতি ড. পিন্যাপং পর্ণচাই।
বিহারের সাধারণ সম্পাদক অরুণজ্যোতি ভিক্ষু বলেন, তিন মাসের বর্ষাবাস শেষে ভিক্ষুদের চীবর দান বৌদ্ধ ধর্মে বিশেষ তাৎপর্যপূর্ণ। গৌতম বুদ্ধের মৈত্রী, করুণা ও অহিংসার আদর্শ মেনে ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও সমাজসেবায় তাঁদের উদ্যোগ অব্যাহত থাকবে।

