আগরতলা, ১৪ নভেম্বর : দেশের রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হওয়া ৪৫তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে (আইআইটিএফ) নিজেদের শিল্প ও বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। শনিবার মেলার প্রাঙ্গণে ত্রিপুরা প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা। রাজ্যের উৎপাদিত পণ্যকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে আরও বেশি পরিচিত করা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং স্থানীয় শিল্পোদ্যোগীদের জন্য বাণিজ্যের নতুন সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, রাজ্যে শিল্পায়নের প্রসার, নতুন উদ্যোগপতি সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। ত্রিপুরার অর্থনৈতিক বিকাশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্যে কৃষিভিত্তিক শিল্প, বাঁশ ও হস্তশিল্প, রাবার, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপুল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যের শিল্প পরিকাঠামোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ত্রিপুরা প্যাভিলিয়নকে রাজ্যের ঐতিহ্য, উৎপাদনশীলতা এবং শিল্প সম্ভাবনার একটি বিশেষ প্রদর্শনী মঞ্চ হিসেবে সাজানো হয়েছে। সেখানে স্থান পেয়েছে ত্রিপুরার ঐতিহ্যবাহী আগর ও আগরজাত পণ্য, বাঁশ-বেতের সামগ্রী, হস্ততাঁত, হস্তশিল্প, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, রাবারজাত পণ্য এবং জৈব কৃষিপণ্য। রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পোদ্যোগী, উৎপাদক ও স্বনির্ভর গোষ্ঠীর তৈরি সামগ্রী এই প্যাভিলিয়নের মাধ্যমে বৃহত্তর বাজারের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছে।
এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে TKVIB, TRLM, TTDCL, THHDCL, DHHS, বন দপ্তরের SCATFORM প্রকল্প, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের TSOFDA এবং ত্রিপুরা বাঁশ মিশন। সংশ্লিষ্ট সংস্থাগুলির মাধ্যমে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উৎপাদিত পণ্যের গুণমান, বৈচিত্র্য এবং বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। বিশেষ করে বাঁশ ও বেতের সামগ্রী, আগরজাত পণ্য এবং হস্তশিল্পের মতো ঐতিহ্যবাহী শিল্পকে আধুনিক বাজারের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।
শুধু পণ্য প্রদর্শনেই সীমাবদ্ধ থাকছে না রাজ্যের এই অংশগ্রহণ। সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে ত্রিপুরার শিল্প ও বাণিজ্যের সুযোগ-সুবিধা এবং বিনিয়োগের অনুকূল ক্ষেত্রগুলি তুলে ধরতে ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি, ত্রিপুরার পক্ষ থেকে একটি বিশেষ হেল্প ডেস্ক খোলা হয়েছে। এই হেল্প ডেস্কের মাধ্যমে দেশ-বিদেশের ব্যবসায়িক সংস্থা ও বিনিয়োগকারীদের রাজ্যের শিল্পনীতি, সম্ভাবনাময় ক্ষেত্র এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম পাঁচ দিন, অর্থাৎ ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ‘বিজনেস ডে’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই পাঁচ দিনে রাজ্য সরকারের পদস্থ আধিকারিকরা দেশ-বিদেশের বিভিন্ন ব্যবসায়িক সংস্থা, শিল্পপ্রতিষ্ঠান এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করবেন। এর মাধ্যমে ত্রিপুরায় নতুন শিল্প স্থাপন, বিনিয়োগের ক্ষেত্র চিহ্নিতকরণ এবং বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে, ত্রিপুরা প্যাভিলিয়ন উদ্বোধনের পর মন্ত্রী সান্ত্বনা চাকমা ভারত মণ্ডপমের ১ নম্বর হলে রাজ্যের তিনটি ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’ (ওডিওপি) স্টলেরও উদ্বোধন করেন। এই স্টলগুলিতে রাজ্যের তিনটি জেলার বিশেষ উৎপাদিত সামগ্রীকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। সিপাহীজলা জেলার বাঁশজাত পণ্য, উত্তর ত্রিপুরা জেলার আগর ও আগরজাত পণ্য এবং পশ্চিম ত্রিপুরা জেলার বাঁশের তৈরি অলংকার সামগ্রী স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। এর ফলে জেলার নিজস্ব উৎপাদিত পণ্যগুলিকে পৃথক পরিচিতি দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পোদ্যোগীদের জন্য নতুন বাজার তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, ১৪ দিনব্যাপী ৪৫তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার চলবে ১৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। দেশের অন্যতম বৃহৎ এই বাণিজ্য মেলায় দেশ-বিদেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়িক সংস্থা এবং উৎপাদকরা অংশগ্রহণ করছেন। এই মেলায় ত্রিপুরার অংশগ্রহণের মধ্য দিয়ে রাজ্যের স্থানীয় উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, শিল্প ও বাণিজ্য দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সুভাষ চন্দ্র দাস, ত্রিপুরা ভবনের যুগ্ম আবাসিক কমিশনার-সহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা। পাশাপাশি দিল্লিতে পাঠরত ত্রিপুরার ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করেন।

