উত্তরকাশী, ১০ নভেম্বর : মঙ্গলবার অন্নকূট উৎসবের পর পূজা ও যথাযথ আচার-অনুষ্ঠানের মাধ্যমে দুপুর ১২টা ৫ মিনিটে শীতকালের জন্য বন্ধ করে দেওয়া হলো গঙ্গোত্রী ধামের দ্বার। এরপর মা গঙ্গার উৎসব ডোলি তাঁর শীতকালীন আবাস মুখীমঠ (মুখবা)-এর উদ্দেশে রওনা হয়। ডোলিটি বুধবার সকালে মুখবা পৌঁছাবে। আগামী ছয় মাস ভক্তরা মুখীমঠ (মুখবা)-তেই মা গঙ্গার দর্শন ও পূজা-অর্চনার সুযোগ পাবেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকেই দ্বার বন্ধের বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। সবার প্রথমে সূর্যোদয়ের সময় মা গঙ্গার মুকুট নামানো হয়। এই সময় ভক্তরা মায়ের ভোগমূর্তির দর্শন লাভ করেন। এরপর অমৃত বেলা, স্বাতী নক্ষত্র প্রীতিযোগের শুভ লগ্নে দুপুর ১২টা ৫ মিনিটে গঙ্গোত্রী ধামের দ্বার ভক্তদের দর্শনের জন্য বন্ধ করা হয়। এই সময় পুরোহিতরা বিশেষ পূজা ও গঙ্গা লহরী পাঠ করেন।
দুপুর ১২ ১৫ মিনিটে ভারতীয় সেনাবাহিনীর কুমায়ুন রেজিমেন্ট ব্যান্ডের সুর এবং উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী ঢোল-দামাওয়ের তালে পুরোহিতরা গঙ্গার ডোলি নিয়ে মুখবা গ্রামের উদ্দেশে পদব্রজে রওনা দেন। যাত্রাপথে রাত্রিযাপনের জন্য ডোলি চন্দুমতি দেবী মন্দিরে পৌঁছবে। বুধবার সকালে চন্দুমতি মন্দির থেকে ডোলি মুখীমঠের গঙ্গা মন্দিরে পৌঁছবে। আগামী ছয় মাস সেখানেই নিয়মিত পূজার্চনা হবে।

