নৈহাটি, ৭ নভেম্বর : নৈহাটি মানেই বড়মা। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, ভিন্রাজ্য থেকেও প্রতিদিন অসংখ্য ভক্ত নৈহাটিতে বড়মার দর্শন ও পুজো দিতে আসেন। সকাল থেকেই মন্দিরে ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ে। বড়মার জনপ্রিয়তা এখন রাজ্যের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে।
এতদিন বড়মার মন্দিরের বিজ্ঞাপনী স্লোগান ছিল, ‘ধর্ম যার যার, বড় মা সবার’। এই স্লোগানের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে বড়মার গ্রহণযোগ্যতার বার্তা তুলে ধরা হতো। তবে এবার সেই পরিচিত স্লোগানে পরিবর্তন আনল মন্দির কর্তৃপক্ষ। শুক্রবার থেকে নতুন বিজ্ঞাপনী স্লোগান হিসেবে চালু করা হলো, ‘বড়মায়ে ভক্তি সনাতনের শক্তি’।
মন্দির কর্তৃপক্ষের তরফে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। নতুন স্লোগানকে কেন্দ্র করে ইতিমধ্যেই স্থানীয় মহলে আলোচনা শুরু হয়েছে। বড়মার মন্দিরের দীর্ঘদিনের পরিচিত বিজ্ঞাপনী বার্তার পরিবর্তে এবার নতুন এই স্লোগান কতটা জনপ্রিয়তা পায়, সেদিকেই নজর ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের।
