কলকাতা, ৭ নভেম্বর : বাম জমানার শিল্পনীতি এবং তা বাস্তবায়ন সম্পর্কে তিনি বৃহস্পতিবার যা বলেছিলেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সিপিএমের অন্দরে। শুক্রবার বিবৃতি দিয়ে বিমানবাবু দাবি করলেন, তাঁর কথাকে বিকৃত করা হয়েছে।
বৃহস্পতিবার রাজ্যের নতুন শিল্পনীতি গোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের সময়কার জমি অধিগ্রহণনীতির সমালোচনা করেছিলেন। সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বৃহস্পতিবার বিমানবাবু বলেছিলেন, “কমরেড জ্যোতি বসুর নেতৃত্বেই বামফ্রন্ট সরকারের শিল্পনীতি গ্রহণ করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। সেই শিল্পনীতি নিয়ে যদি কোনও প্রবলেম হয়ে থাকে তাহলে জ্যোতি বসুরই হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য সেই শিল্পনীতি কার্যকর করার জন্য দায়িত্ব পেয়েছিলেন।”
শুক্রবার বিমানবাবু বলেন, “আমি কোনও বিভাজনের কথা বলিনি।” তিনি বলেন, “ইন্ডাস্ট্রিয়াল পলিসি আশির দশকে ঘোষণা করেছিলেন তখনকার মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসু। তদুনাযায়ী শিল্প গড়ে উঠেছে। তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। ২০১১ সালের পরে কোনও তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠেনি।”
এ প্রসঙ্গেই তিনি কোলাঘাটের পরে বক্রেশ্বর, সাঁওতালডিহি, ব্যান্ডেল, সাগরদিঘিতে ইউনিট বৃদ্ধির উদ্যোগের কথা বলেন। তাঁর দাবি, গত ১৫ বছরের খরাকে বাম জমানার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে।
বর্ষীয়ান নেতা শুক্রবার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, “আমি কোনও ডিফারেন্সিয়েশন করিনি। আমি বলেছি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি ওয়াজ নট অ্যানাউন্সড বাই বুদ্ধদেব ভট্টাচার্য। তার পূর্বসূরি জ্যোতি বসু ঘোষণা করেছিলেন।”

