বক্সনগর, ২ অক্টোবর : গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল সিপাহীজলা জেলা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে উত্তর কলমচৌড়ার পাশানিয়া এলাকায় অভিযান চালিয়ে রিজার্ভ ফরেস্টের ভিতরে গড়ে ওঠা একটি গাঁজা বাগানের সন্ধান পান পুলিশ ও এসটিএফের যৌথ বাহিনীর সদস্যরা। পরে অভিযান চালিয়ে বাগানের কয়েক শতাধিক গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেওয়া হয়।
জানা গেছে, এদিন দুপুর ১২টা নাগাদ গাঁজা চাষের বিষয়ে গোপন সূত্রে খবর পায় ক্রাইম ব্রাঞ্চ। খবরের ভিত্তিতে কলমচৌড়া থানার পুলিশ এবং এসটিএফ-এর সদস্যদের নিয়ে একটি যৌথ দল গঠন করে অভিযান চালানো হয়। উত্তর কলমচৌড়ার পাশানিয়া এলাকার রিজার্ভ ফরেস্টকে কেন্দ্র করে শুরু হয় তল্লাশি অভিযান।
তল্লাশি চালানোর সময় জঙ্গলের ভিতরে সন্দেহজনকভাবে গড়ে ওঠা গাঁজা গাছের বাগান নজরে আসে যৌথ বাহিনীর সদস্যদের। এরপর সেখানে অভিযান চালিয়ে বাগানে থাকা গাঁজা গাছগুলি চিহ্নিত করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে একে একে কয়েক শতাধিক গাঁজা গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গম বনাঞ্চলকে কাজে লাগিয়ে যাতে বেআইনি গাঁজা চাষ করা না যায়, সেদিকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। গাঁজা চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করার পাশাপাশি বেআইনি চাষের জমি ধ্বংস করতে নিয়মিত অভিযান চালানো হবে। এদিনের অভিযানের পরও ওই এলাকায় নজরদারি অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

