আগরতলা, ৭ সেপ্টেম্বর : খোয়াই জেলার কল্যাণপুরের ঘিলাতলি এলাকায় পশু ব্যবসায়ী জলিল রহমান হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাল সারা ভারত কৃষক সভা। এই দাবিতে সোমবার সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দফতরে গিয়ে আইন-শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত আইজি-র কাছে ডেপুটেশন প্রদান করে।
সারা ভারত কৃষক সভার অভিযোগ, গত ২ সেপ্টেম্বর সাতসকালে ঘিলাতলি এলাকায় জলিল রহমানকে পরিকল্পিতভাবে আটক করে রড ও লাঠি দিয়ে নৃশংসভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। নিহত জলিল রহমান সারা ভারত কৃষক সভার সদস্য ছিলেন এবং দীর্ঘদিন ধরে আইন মেনে পশু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে সংগঠনের দাবি।
জানা গেছে, ঘটনার দিন সকালে একটি বাড়ি থেকে গরু কিনে সেগুলি গাড়িতে করে বাগানবাজারের দিকে নিয়ে যাচ্ছিলেন জলিল রহমান। ঘিলাতলি এলাকায় পৌঁছানোর পর কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথ আটকায় বলে অভিযোগ। তাঁকে গরু চোর অপবাদ দিয়ে মারধর করা হয় বলে কৃষক সভার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধরের জেরে তিনি গুরুতর আহত হন এবং শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন।
জলিল রহমানকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর স্ত্রী ও শ্বশুরকেও দুষ্কৃতীরা মারধর করে গুরুতরভাবে আহত করে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার এবং তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সংগঠনের বক্তব্য, আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর বা হত্যা করার অধিকার কারও নেই। নিরপরাধ একজন পশু ব্যবসায়ীকে অপবাদ দিয়ে এভাবে পিটিয়ে হত্যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক ঘটনা।
এদিন ডেপুটেশন প্রদানকালে কৃষক সভার পক্ষ থেকে প্রাক্তন বিধায়ক রতন দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা রাজ্য পুলিশের আইন-শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত আইজি-র সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং দ্রুত তদন্ত সম্পন্ন করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান।
কৃষক সভার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় পুলিশ আধিকারিক জানান, জলিল রহমান হত্যাকাণ্ডের বিষয়টি তাঁর জানা রয়েছে। ঘটনার তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।
এদিকে জলিল রহমান হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঘিলাতলি ও পার্শ্ববর্তী এলাকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনও ব্যক্তিকে গুজব, অপবাদ বা সন্দেহের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নিয়ে হামলার শিকার হতে না হয়, সেদিকেও প্রশাসনকে কঠোর নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে কৃষক সভা তাদের আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছে।

