iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

কালীপুজো মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই সাতটি দোকান ও একটি বাড়ি

আলিপুরদুয়ার, ২১ নভেম্বর : উৎসব ও মেলার আবহের মাঝে আচমকা আগুন লাগায় আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ কালীপুজো মেলায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জে ঘটে যাওয়া এই ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান এবং একটি বাড়ি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে। চোখের সামনে আগুনের লেলিহান শিখায় দোকানগুলি পুড়ে ছাই হতে দেখে ব্যবসায়ীদের মধ্যে হাহাকার ও হুলস্থুল পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেলা প্রাঙ্গণে অবস্থিত আরএসপি কার্যালয় থেকেই প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই গোটা মেলা চত্বর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং আগুন দ্রুত আশপাশের দোকানগুলিকে গ্রাস করে নেয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে একাধিক দোকান চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে হ্যামিল্টনগঞ্জ এবং হাসিমারা দমকল কেন্দ্র থেকে দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। কীভাবে এই আগুন লাগল, তার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
মেলা কমিটির সম্পাদক অলোক মিত্র জানান, আরএসপি কার্যালয় থেকেই আগুন লাগে এবং সেটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে মেলার সাতটি স্টল এবং একটি বাড়িও আগুনে নষ্ট হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল বিভাগ।
উল্লেখ্য, হ্যামিল্টনগঞ্জের ঐতিহাসিক কালীপুজো এ বছর ১১০তম বর্ষে পদার্পণ করেছে এবং মেলাটি ৯২তম বছরে পা দিয়েছে। গত ৯ নভেম্বর শুরু হওয়া এই মেলা আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। মেলার শেষ পর্বে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার পর গোটা এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *