শিলিগুড়ি, ১৪ নভেম্বর : ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’-র আওতায় রাজ্যের সাত লক্ষ উপভোক্তাকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে শুক্রবার নবান্ন সভাঘরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন নবান্ন সভাঘর থেকে রাজ্যের সমস্ত জেলায় এই অনুষ্ঠানের ভার্চুয়াল সম্প্রচার করা হয়।
এই কর্মসূচির অঙ্গ হিসেবে দার্জিলিং জেলার মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় নকশালবাড়ি কমিউনিটি হলে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ ও পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ। তাঁর সঙ্গে দার্জিলিংয়ের জেলাশাসক, মহকুমাশাসক (এসডিও) সহ প্রশাসনের অন্যান্য পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং জেলার প্রায় পাঁচ হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পশ্চিমবঙ্গ আবাস যোজনার অর্থ হস্তান্তর করা হবে। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে মন্ত্রী কয়েকজন উপভোক্তার হাতে প্রতীকী চেকও তুলে দেন।
মন্ত্রী আনন্দময় বর্মণ বলেন, প্রকল্পের দ্বিতীয় কিস্তির এই অর্থ পাওয়ার ফলে উপভোক্তারা তাঁদের বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ করতে পারবেন। পাশাপাশি, ভবিষ্যতে এই প্রকল্পের আওতায় আরও বেশি সংখ্যক যোগ্য উপভোক্তাকে চিহ্নিত করার জন্য তিনি প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন। এদিকে, দ্বিতীয় কিস্তির অর্থ পাওয়ায় উপভোক্তাদের মধ্যে ব্যাপক খুশির হাওয়া দেখা গিয়েছে।

