আগরপাড়া, ১৪ নভেম্বর:ব্যাগ ভর্তি নগদ টাকা উদ্ধারকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্য ছড়াল আগরপাড়ার তেঁতুলতলা মোড় এলাকায়। দুই যুবকের কাছ থেকে ৫০০ টাকার নোটের একাধিক বান্ডিল উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ধৃত দুই যুবকের নাম মানস সরকার ও মহঃ সইফ। তাঁদের বাড়ি যথাক্রমে হাওড়া ও বৌবাজার এলাকায় বলে জানা গিয়েছে। এদিন তেঁতুলতলা মোড়ে একটি ব্যাগ নিয়ে দু’জনের মধ্যে টানাটানি চলছিল। তাঁদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় কয়েকজন জিজ্ঞাসাবাদ শুরু করেন। সেই সময় এক যুবক পালানোর চেষ্টা করলে তাঁকে কিছুটা দূর থেকে ধরে আনা হয়।
এরপর ব্যাগ খুলতেই বেরিয়ে আসে ৫০০ টাকার নোটের একাধিক বান্ডিল। টাকার উৎস এবং এত বিপুল পরিমাণ নগদ তাঁদের কাছে কীভাবে এল, সে বিষয়ে সন্তোষজনক উত্তর না মেলায় স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় পাঁচ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বহু মানুষের ভিড় জমে যায়। সাম্প্রতিক সময়ে ব্যাঙ্ক জালিয়াতি ও প্রতারণার ঘটনা সামনে আসায় দুই যুবকের সঙ্গে কোনও প্রতারণা চক্রের যোগ রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্থানীয়রা। তবে টাকার উৎস এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন বাসিন্দারা।

