iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

মুম্বইয়ের মালাডে বাজির দোকানে আগুন; ভেঙে পড়ল ছাদ, মৃত এক

মুম্বই, ১০ নভেম্বর : দীপাবলির রেশ কাটতে না কাটতেই মুম্বইয়ের পশ্চিম মালাডের মালবণী এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। সোমবার গভীর রাতে একটি বাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দোকানের কংক্রিটের ছাদ ভেঙে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিখোঁজ থাকার পর দোকানের ধ্বংসস্তূপের ভেতর থেকে তার সম্পূর্ণ অগ্নিদগ্ধ নিথর দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
দমকল ও পুরপ্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মালাডের আব্দুল হামিদ মার্গের মালবণী ৮ নম্বর গেট সংলগ্ন একটি বহুতলের একতলায় প্রায় ২০ ফুট বাই ৩০ ফুট আয়তনের একটি দোকানে সোমবার রাতে আচমকাই আগুন লেগে যায়। দোকানটিতে বিপুল পরিমাণে বাজি, আতশবাজি এবং বিদ্যুতের ওয়্যারিং ও সরঞ্জাম মজুত ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং বাজিগুলিতে একের পর এক তীব্র বিস্ফোরণ ঘটতে শুরু করে।
বিস্ফোরণের প্রচণ্ড অভিঘাতে দোকানের ওপরের কংক্রিটের স্ল্যাবটি ভেঙে ভেতরে পড়ে যায়। ঘটনার সময় দোকানে উপস্থিত একটি কিশোর নিখোঁজ হয়ে পড়েছিল। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুন নেভানোর পর ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালিয়ে ওই কিশোরের সম্পূর্ণ ঝলসে যাওয়া দেহ উদ্ধার করা হয়। তড়িঘড়ি একটি বেসরকারি অ্যাম্বুল্যান্সে করে তাকে বৃহন্মুম্বই পুর নিগম (বিএমসি)-এর শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের ঝুঁকিপূর্ণ বাজির দোকান কীভাবে চলছিল এবং অগ্নিনির্বাপণ ছাড়পত্র ছিল কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে মালবণী থানার পুলিশ ও দমকল বিভাগ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *