iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

খেলার মাঠ থেকেই জীবনে বড় সাফল্য সম্ভব : মন্ত্রী টিংকু

পানিসাগর, ৭ সেপ্টেম্বর : খেলার মাঠ থেকেই জীবনে বড় সাফল্য অর্জন করা সম্ভব। খেলাধুলার মাধ্যমে শুধু নিজের প্রতিভার বিকাশই নয়, পরিবার ও সমাজের মুখও উজ্জ্বল করা যায়। সমাজে খেলোয়াড়ের সংখ্যা যত বৃদ্ধি পাবে, ততই সমাজ সুন্দর ও সুস্থ হয়ে উঠবে। নেশামুক্ত সমাজ গঠনের ক্ষেত্রেও খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার পানিসাগরে রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করে এই মন্তব্য করেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়।

পানিসাগরস্থিত আঞ্চলিক শারীর শিক্ষণ কলেজের আরসিপিই কমপ্লেক্সে তিনদিনব্যাপী এই রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টসের জুডো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ বিভাগের ছেলে ও মেয়েদের জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের আটটি জেলা এবং স্পোর্টস স্কুল থেকে মোট ২৬০ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্যে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে বিভিন্ন ধরনের সহায়তা ও সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। খেলোয়াড়দের উৎসাহিত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক পুরস্কারের ব্যবস্থাও রয়েছে।

তিনি জানান, জাতীয় স্তরের প্রতিযোগিতায় কোনও খেলোয়াড় সোনা জিতলে এক লক্ষ টাকা, রূপোর পদক পেলে ৫০ হাজার টাকা এবং ব্রোঞ্জ পদক অর্জন করলে ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, উন্নত প্রশিক্ষণের জন্য কোনও খেলোয়াড়কে বহিঃরাজ্যে অথবা বিদেশে যেতে হলে রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিশেষ অনুদানের ব্যবস্থাও রয়েছে।

ক্রীড়ামন্ত্রী বলেন, রাজ্য সরকার ক্রীড়াবিদদের পাশে দাঁড়াচ্ছে বলেই ত্রিপুরার খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করতে পারছেন। আগামীদিনে রাজ্য থেকে আরও বেশি সংখ্যক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, বর্তমান সময়ে প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের ক্রীড়াক্ষেত্রেও উন্নতির ধারা অব্যাহত রয়েছে। ত্রিপুরার ছেলেমেয়েরাও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে। এজন্য ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের খেলাধুলার সঙ্গে যুক্ত করা প্রয়োজন।

অভিভাবকদের উদ্দেশে ক্রীড়ামন্ত্রী বলেন, সন্তানদের শুধুমাত্র পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলার প্রতিও উৎসাহিত করতে হবে। নিয়মিত খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সাহায্য করে। নেশার মতো সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে বিধায়ক বিনয়ভূষণ দাস বলেন, রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের ক্রীড়া দক্ষতা আরও বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করা সম্ভব হবে। আগামীদিনে জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্য অর্জনের জন্য এই প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের ভিত আরও শক্ত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, সহকারী সভাধিপতি ভবতোষ দাস, বিধায়ক বিনয়ভূষণ দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অনুরাধা দাস, ভাইস চেয়ারপার্সন ধনঞ্জয় দেবনাথ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডার্লং।

এদিন রাজ্যভিত্তিক জুডো প্রতিযোগিতাকে ঘিরে আরসিপিই কমপ্লেক্সে উৎসবের আবহ তৈরি হয়। বিভিন্ন জেলা থেকে আসা খেলোয়াড়দের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে প্রতিযোগিতা প্রাঙ্গণ। তিনদিনের এই প্রতিযোগিতার মাধ্যমে রাজ্যের স্কুলস্তরের জুডো খেলোয়াড়রা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। প্রতিযোগিতা থেকে ভবিষ্যতের জাতীয় স্তরের প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলেই আশা সংশ্লিষ্টদের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *