নয়াদিল্লি, ২৩ নভেম্বর : দু’দিনের সফরে ভারতে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি ভবনে নেপালের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে ভারতীয় সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে ‘গার্ড অফ অনার’ প্রদান করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বলেন্দ্র শাহ গার্ড অফ অনার পরিদর্শন করেন। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী যথাক্রমে ভারতীয় এবং নেপালি প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে পরিচিত হন ও সৌজন্য বিনিময় করেন।
রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিকতা শেষে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দিল্লির রাজঘাটে যান। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এবং স্মৃতিসৌধের পরিদর্শক খাতায় স্বাক্ষর করেন। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই বলেন্দ্র শাহের প্রথম বিদেশ সফর এবং প্রথম ভারত সফর। দিনের পরবর্তী সময়ে হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে বাণিজ্য, শক্তি ও জলসম্পদ, পরিকাঠামো উন্নয়ন এবং আন্তঃসীমান্ত যোগাযোগ ব্যবস্থার প্রসার-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি, বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন নেপালের প্রধানমন্ত্রী।

