খড়গপুর, ২১ নভেম্বর : আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণকে ঐতিহাসিক ও অনুপ্রেরণাদায়ক বলে অভিহিত করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। শনিবার খড়গপুর ক্যাম্পাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই প্রতিষ্ঠানের পড়ুয়ারাই আগামী দিনে ‘বিকশিত ভারত’-এর মূল কারিগর হয়ে উঠবেন।
প্রধানমন্ত্রীর এই সফর প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “আজ আমাদের জন্য— শিক্ষা মন্ত্রকের পাশাপাশি আইআইটি খড়গপুরের জন্যও একটি অত্যন্ত বড় দিন ছিল। আপনারা জানেন, দেশের প্রথম আইআইটি এই জায়গায় তৈরি হয়েছিল, যেখানে ব্রিটিশ শাসনকালে হিজলি কনসেনট্রেশন ক্যাম্প ছিল এবং স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হতো। অর্থাৎ, যখন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা সেখানে ছিলেন এবং দেশের স্বাধীনতার জন্য লড়াই করছিলেন, তখন তাঁদের হৃদয়ে এক আশা ছিল। এখন ঠিক সেই জায়গাতেই আমাদের নতুন প্রজন্ম আত্মনির্ভরতার জন্য লড়াই করছে। এখানকার তরুণরা লড়াই করছে এবং নতুন নতুন উদ্ভাবন করছে।”
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রীর এই ভাষণ আমাদের আগামী প্রজন্মের জন্য— অর্থাৎ এখানকার পড়ুয়াদের জন্য এক অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বক্তব্য ছিল, যাঁরাই আগামী দিনে একটি বিকশিত ভারতের মূল স্থপতি এবং ভাস্কর হয়ে উঠবেন।”

