iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

টানা ষষ্ঠবার এসজিপিসির সভাপতি নির্বাচিত হরজিন্দর সিং ধামি

চণ্ডীগড়, ২১ নভেম্বর : শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির (এসজিপিসি) সভাপতি পদে টানা ষষ্ঠবার নির্বাচিত হলেন অ্যাডভোকেট হরজিন্দর সিং ধামি। শুক্রবার অমৃতসরের এসজিপিসি সদর দফতরের তেজা সিং সমুন্দ্রি হলে বার্ষিক নির্বাচনে তাঁর নাম নিয়ে সর্বসম্মতি তৈরি হয়। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন অকাল তখত সাহিবের জথেদার জ্ঞানী কুলদীপ সিং গড়গজ।
এসজিপিসির মোট ১৯০ সদস্যের মধ্যে এবারের নির্বাচনে ভোটাধিকার ছিল ১৩৮ জনের। পাঁচ জন সিং সাহিবানের ভোটাধিকার ছিল না। এ ছাড়া ৩৯ জন সদস্যের মৃত্যু, পাঁচ জনের পদত্যাগ এবং তিন জনের সভায় যোগ দেওয়ার উপর নিষেধাজ্ঞা থাকায় মোট ৪৭ জন সদস্য নির্বাচনী প্রক্রিয়ার বাইরে ছিলেন। তা সত্ত্বেও ধামির নামেই সর্বসম্মতি তৈরি হয়।
নির্বাচনের আগে সভাপতি পদে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল শিরোমণি আকালি দল (বাদল)-এর সভাপতি সুখবীর সিং বাদলকে। গত কয়েক দিন ধরে জল্পনা চলছিল, সম্প্রতি আকালি দলে যোগ দেওয়া বিবি জাগীর কৌরকে এবার এসজিপিসির সভাপতি করা হতে পারে। তবে তাঁর নাম নিয়ে ঐকমত্য তৈরি হয়নি। শেষ পর্যন্ত ফের ধামির উপরেই আস্থা রাখেন সদস্যরা।
নির্বাচনে রঘুজিৎ সিং ভির্ক সিনিয়র সহ-সভাপতি, গুরবক্স সিং খালসা জুনিয়র সহ-সভাপতি এবং গুরপ্রীত সিং ঝব্বর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি ১১ জনকে নিয়ে কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন মহিলা সদস্য রয়েছেন।
নির্বাচনের আগে সভাপতি পদে প্রার্থী বাছাই নিয়ে প্রায় ২০ মিনিটের বৈঠক হয়। সেখানে সদস্যরা নিজেদের মতামত জানান। শেষ পর্যন্ত সর্বসম্মত প্রার্থী বেছে নেওয়ার দায়িত্ব সুখবীর সিং বাদলের হাতে তুলে দেওয়া হয়। এরপরই ধামির নামে সম্মতি তৈরি হয় এবং তাঁকে ফের এসজিপিসির দায়িত্ব দেওয়া হয়।
ধামি পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন অকাল তখত সাহিবের জথেদার জ্ঞানী কুলদীপ সিং গড়গজ। তিনি গুরু সাহিবের চরণে প্রার্থনা করেন, নতুন নির্বাচিত পদাধিকারীদের উপর যেন আশীর্বাদ বজায় থাকে। শিখ সম্প্রদায়ের সামনে থাকা চ্যালেঞ্জগুলি যাতে তাঁরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে পারেন এবং সম্প্রদায়ের উন্নতি ও অগ্রগতির জন্য আগের মতোই কাজ করে যেতে পারেন, সেই কামনাও করেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *