iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

খনি বর্জ্যের স্তূপ ধসে বড়সড় ভূমিধস, লোহাগাঁওয়ের সঙ্গে কিরন্দুলের যোগাযোগ বিচ্ছিন্ন

দান্তেওয়াড়া, ২১ নভেম্বর : এনএমডিসির কিরন্দুল খনি থেকে বেরনো বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট পাহাড়ি এলাকায় বড়সড় ধস নামল। ডিপোজিট-১৪-র ওয়েস্ট ডাম্পিং জোনে পাহাড়ের একাংশ ভেঙে নিচে নেমে আসায় মাটি ও খনির বর্জ্যে ঢেকে গিয়েছে লোহাগাঁও যাওয়ার প্রধান রাস্তা। এর ফলে কিরন্দুলের সঙ্গে লোহাগাঁওয়ের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিকল্প রাস্তা না থাকায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা।
হঠাৎ এই ধসের জেরে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে খনির বর্জ্য ও মাটি। ধসের কবলে পড়ে বহু গাছপালারও ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন লোহাগাঁওয়ের বাসিন্দারা। কিরন্দুলের সঙ্গে গ্রামের যোগাযোগের একমাত্র প্রধান রাস্তাটি ধসে যাওয়া মাটির নিচে চাপা পড়েছে। ফলে আপাতত ওই পথে যাতায়াত বন্ধ।
শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছেন এনএমডিসির ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের একটি দল। তাঁরা রাস্তা থেকে মাটি ও খনির বর্জ্য সরানোর কাজ শুরু করেছেন। দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
যে পাহাড়ে খনির বর্জ্য জমা করা হচ্ছিল, সেই পাহাড়েরই একাংশ ধসে পড়ায় এনএমডিসির বর্জ্য ফেলার ব্যবস্থা এবং নিরাপত্তার মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। কিরন্দুলের খনি এলাকায় এর আগেও একাধিক বড় দুর্ঘটনা ঘটেছে। ২০২৪ সালে ডিপোজিট-১১সি-র ট্যাঙ্কের দেওয়াল ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং প্রাণ বাঁচাতে বাসিন্দাদের পালাতে হয়েছিল। এছাড়া পাহাড় ধসে চার শ্রমিকের মৃত্যুও হয়েছে। বারবার এমন দুর্ঘটনায় সংস্থার নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বেড়েছে।
ঘটনার পর দান্তেওয়াড়ার জেলাশাসক দেবেশ কুমার ধ্রুব, পুলিশ এবং বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাচেলির মহকুমাশাসক এবং ডিএফও ঘটনার তদন্ত রিপোর্ট তৈরি করছেন। নিরাপত্তার কারণ দেখিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি। তদন্ত শেষ হলেই পাহাড় ধসের প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *