iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

বিমল আকোইজামের নিয়োগ নিয়ে সরব বিজেপি, ‘দ্বিচারিতা’র অভিযোগ তুললেন বাঁশুরি স্বরাজ

নয়াদিল্লি, ১৪ নভেম্বর : আসন্ন মণিপুর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস সাংসদ বিমল আকোইজামকে দলের একাধিক গুরুত্বপূর্ণ নির্বাচনী কমিটিতে জায়গা দেওয়ায় কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল বিজেপি। শনিবার নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ অভিযোগ করেন, কংগ্রেস দল ‘দ্বিচারিতা’কে একটি অত্যন্ত সাধারণ বিষয়ে পরিণত করেছে।
সাংবাদিক সম্মেলনে বাঁশুরি স্বরাজ বলেন, “কংগ্রেস দল দ্বিচারিতাকে এক অতি সাধারণ বিষয় করে তুলেছে। একদিকে আপনারা জানেন যে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ১১ জন ছাত্রী বিমল আকোইজামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন। শৃঙ্খলাভঙ্গের দায়ে পদক্ষেপ নেওয়া হলে এবং তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। বিমলকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল।”
কংগ্রেস নেতৃত্বের নীরবতা ও উল্টে তাঁকে পুরস্কৃত করার অভিযোগ তুলে বিজেপি সাংসদ আরও বলেন, “কংগ্রেস দল তাঁকে না কোনও শোকজ নোটিস দিয়েছে, না কোনও ব্যাখ্যা চেয়েছে। বরং হ্যাঁ, কংগ্রেস পার্টি নিশ্চিতভাবেই তাঁকে পুরস্কৃত করেছে।”
মণিপুর বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সাম্প্রতিক সাংগঠনিক সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বাঁশুরি স্বরাজ বলেন, “আসন্ন মণিপুর বিধানসভা নির্বাচনের আগে এটি অত্যন্ত বিস্ময়কর যে, যৌন হেনস্থার মতো এমন গুরুতর অভিযোগে অভিযুক্ত কংগ্রেস সাংসদ বিমল আকোইজামকে নির্বাচন কমিটি, প্রচার কমিটি এবং ইস্তাহার কমিটির সহ-চেয়ারম্যান (কো-চেয়ারম্যান) হিসেবে নিযুক্ত করা হয়েছে।” এই ইস্যুতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের জবাবদিহি দাবি করেছে বিজেপি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *