শিলিগুড়ি, ১০ নভেম্বর : শিলিগুড়িতে ট্রাফিক পুলিশ বুথের পাশ থেকে একটি বেওয়ারিশ ব্যাগ থেকে প্রচুর পরিমাণে তাজা কার্তুজ উদ্ধারকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র হাহাকার ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে এনজেপি থানার অন্তর্গত ফুলবাড়ির কাছে ফুলেশ্বরী আইওসি মোড়ে।
মঙ্গলবার সকালে স্থানীয় এক বাসিন্দার নজর পড়ে ট্রাফিক পুলিশ বুথের সামনে পড়ে থাকা একটি সন্দেহজনক ও বেওয়ারিশ ব্যাগের ওপর। ব্যাগটিতে কী রয়েছে তা সন্দেহ হলে পরীক্ষা করতেই চোখ ছানাবড়া হয়ে যায় স্থানীয়দের। দেখা যায়, ব্যাগের ভিতর রাখা রয়েছে বিপুল পরিমাণের কার্তুজ। বিষয়টি জানাজানি হতেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়।
খবর পাওয়ার পরপরই এনজেপি থানার পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ফেলে রাখা ব্যাগটি সহ সমস্ত কার্তুজ নিজেদের হেফাজতে নেয়। এত বিপুল পরিমাণ কার্তুজ কোথা থেকে এলো এবং কে বা কারা কী উদ্দেশ্যে ট্রাফিক বুথের সামনে ফেলে রেখে গেল, তা নিয়ে গভীর রহস্য দানা বেঁধেছে।
ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ। দুষ্কৃতীদের সন্ধান পেতে পুলিশ স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে। সেই সঙ্গে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজও শুরু করেছে তদন্তকারীরা।

