নয়াদিল্লি, ১০ নভেম্বর : পবিত্র গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে এক বার্তায় তিনি এই পবিত্র উৎসবের মাহাত্ম্য তুলে ধরে প্রার্থনা করেন, যেন এই উৎসব প্রতিটি মানুষের জীবনে নতুন শক্তি, উদ্দীপনা ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। সামাজিক মাধ্যমে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, “সকলকে গোবর্ধন পুজোর আন্তরিক শুভেচ্ছা। ভগবান কৃষ্ণের আদর্শ ও প্রকৃতির প্রতি শ্রদ্ধার এই পবিত্র উৎসব প্রতিটি নাগরিকের জীবনে নতুন শক্তি, প্রেরণা ও উদ্যম সঞ্চার করুক। এই মঙ্গলময় দিনে আমি সকলের জীবনে সুস্বাস্থ্য, সৌভাগ্য এবং অপার সমৃদ্ধি কামনা করি।”
উল্লেখ্য, কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত ভক্তিভরে গোবর্ধন পুজো ও অন্নকূট উৎসব পালন করে থাকেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করে ব্রজবাসীদের প্রবল বর্ষণ থেকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। প্রকৃতি রক্ষা ও জীবকূলের কল্যাণের প্রতীক এই পুজো উপলক্ষে এদিন মথুরা-বৃন্দাবন সহ উত্তর ভারত ও সারা দেশের কৃষ্ণ মন্দিরগুলিতে ভক্তদের ঢল নেমেছে এবং বিশেষ অন্নকূট মহোৎসবের আয়োজন করা হয়েছে।

