উত্তর দিনাজপুর, ১০ নভেম্বর : রায়গঞ্জে এক ১২ বছরের নাবালিকার ওপর নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হওয়ার পর তার মা নিজের একমাত্র সন্তানের মৃতদেহ গ্রহণ করতে এবং সৎকার করতে সরাসরি অস্বীকার করেছেন। রবিবার গভীর রাতে পালিয়ে বিহার যাওয়ার চেষ্টা করার সময় পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হয় অভিযুক্ত দিলীপ। এই ঘটনার পর তার মা চানিয়া রায় ছেলের কুকীর্তিতে তীব্র লজ্জা ও ঘৃণা প্রকাশ করে জানিয়েছেন, “এমন পাপী ছেলে না থাকাই ভালো। আমি শ্মশানেও যাব না।”‘গ্রামে মুখ দেখানোর মতো জায়গা রাখেনি’পুলিশের কাছ থেকে খবর পেয়ে রবিবার রাতেই শোকে ও লজ্জায় ভেঙে পড়ে হাসপাতালে পৌঁছান চানিয়া রায়। প্রতিবেশীদের কাছ থেকে ছেলের এই জঘন্য অপরাধের কথা শোনার পর তিনি সম্পূর্ণ ভেঙে পড়েন। সন্তানের হারানোর বেদনার চেয়েও ছেলের করা জঘন্য অপরাধের লজ্জা তাঁর কাছে অনেক বেশি ভারী হয়ে ওঠে। ভারী মনে তিনি গণমাধ্যমকে জানান, “এমন ছেলে না থাকাই ভালো। ও এমন পাপ করেছে যে আমরা এখন গ্রামে কারোর সামনে মুখ দেখানোর মতো অবস্থায় নেই। ও মরে গেছে, এটাই ভালো হয়েছে। আমি তো এটাই চেয়েছিলাম।”তিনি আরও জানান যে, দিলীপ ছোটবেলাতেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এবং বৃদ্ধ বাবা-মায়ের কোনো খোঁজখবর রাখত না।১৬ বছর আগেও উঠেছিল যৌন হেনস্থার অভিযোগদিলীপের এই নৃশংস কর্মকাণ্ডে গোটা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দারা চরম লজ্জা প্রকাশ করছেন। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, দিলীপের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন কিছু নয়। অভিযোগ রয়েছে যে, প্রায় ১৬ বছর আগেও সে নিজের এক আত্মীয়ার ছয় বছরের একটি ছোট মেয়ের ওপর শারীরিক অত্যাচার চালিয়েছিল। সে সময় গ্রামবাসী তাকে ধরে বেধড়ক মারধর করেছিল এবং জরিমানার টাকা মেটানোর জন্য তার মায়ের এক কাঠা জমি বিক্রি করে সেই টাকা নির্যাতিতা পরিবারকে দিতে হয়েছিল। গ্রামবাসীদের মতে, এই ধরণের জঘন্য অপরাধের কোনো ক্ষমা হয় না এবং পুলিশ যা করেছে তা একেবারে সঠিক শাস্তি।উল্লেখ্য, গত মঙ্গলবার দিলীপ রায় তার প্রতিবেশী এক ১২ বছরের নাবালিকাকে কুলিক নদী দেখানোর লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, যার পর থেকেই মেয়েটি নিখোঁজ ছিল। এরপর গত বৃহস্পতিবার আবদুলঘাটার বন বিভাগ সংরক্ষিত জঙ্গল থেকে ওই নাবালিকার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, ওই জঙ্গলেই দিলীপ নাবালিকার ওপর পাশবিক নির্যাতন চালায় এবং পরে তাকে নির্মমভাবে হত্যা করে।বিহার পালানোর ফন্দি আঁটছিল অভিযুক্তঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত দিলীপ। পুলিশ সূত্রের খবর, মূলত ঝাড়খণ্ডের নিবাসী দিলীপ ভৌগোলিক সীমানার সুযোগ নিয়ে পাড়ারপুকুরের পথ ধরে বিহারের তারাপুর পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। রবিবার রাত প্রায় দু’টো নাগাদ রায়গঞ্জের গৌরী পঞ্চায়েত এলাকার পাড়ারপুকুর বাঁধের কাছে পুলিশ তাকে ঘিরে ফেলে। নিজেকে চারদিক থেকে ঘেরাও হতে দেখে সে পুলিশের ওপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এবং পুলিশের গাড়ির টায়ার লক্ষ্য করেও গুলি চালায়। এরপর পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই সে নিহত হয়।

