ইসলামপুর, ১০ নভেম্বর: বাড়ির সামনে বাজি ও পটকা ফাটানোর প্রতিবাদ করায় একই পরিবারের পাঁচ সদস্যকে মারধরের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ইসলামপুর থানার চম্পাবাগ এলাকায়। আহতদের মধ্যে এক মহিলাও রয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
সোমবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বপ্না নামে ওই মহিলার বাড়িতে ছোট শিশু রয়েছে। সেই কারণে বাড়ির সামনে কয়েকজন যুবক বাজি-পটকা ফাটালে তিনি আপত্তি জানান। বাড়িতে শিশু থাকায় সেখানে বাজি না ফাটানোর অনুরোধ করেছিলেন তিনি। অভিযোগ, এই প্রতিবাদেই ক্ষিপ্ত হয়ে ওঠে তিন যুবক। এরপর লাঠি ও ইট নিয়ে ওই মহিলার উপর হামলা চালায় তারা।
মাকে আক্রান্ত হতে দেখে পরিবারের অন্য সদস্যরা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় এক মহিলা-সহ পরিবারের মোট পাঁচজন গুরুতর আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাজি ফাটানো নিয়ে সামান্য প্রতিবাদকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচ সদস্যের উপর এমন হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

