কলকাতা, ১০ নভেম্বর : কালীপুজোর মধ্যেই মধ্যরাতে গুলির ঘটনায় উত্তেজনা ছড়াল সরশুনার গ্রিন পার্ক এলাকায়। অভিযোগ, পাড়ারই বাসিন্দা রাজপাল নামে এক যুবক পরপর দু’রাউন্ড গুলি চালায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে সরশুনা থানার পুলিশ।
সোমবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রিন পার্ক কোলাহল ক্লাবে তখন কালীপুজো চলছিল। সেই সময়ই আচমকা গুলির শব্দে আতঙ্ক ছড়ায় এলাকায়। অভিযোগ, দীনেশ শর্মা নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় রাজপাল। একটি গুলি তাঁর কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান দীনেশ। পরপর দু’রাউন্ড গুলির ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সরশুনা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেন তদন্তকারীরা। পাশাপাশি অভিযুক্ত রাজপালকে গ্রেপ্তার করা হয়।
কী কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতা, নাকি অন্য কোনও কারণে এই হামলা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার নেপথ্যে থাকা কারণ জানতে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কালীপুজোর রাতে জনবহুল এলাকায় এভাবে গুলি চালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

