iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

টালা ট্যাঙ্কের প্রধান পাইপ ফেটে ভাসছে উত্তর কলকাতা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

কলকাতা, ১০ নভেম্বর: বিনা বৃষ্টিতেই উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকা ভেসে গেল বানভাসি জলে। সোমবার সকালে টালা ট্যাঙ্কের ব্রিটিশ আমলের ৭২ ইঞ্চি ব্যাসের মূল পানীয় জলের পাইপ ফেটে গিয়ে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে। পাইপ ফেটে তীব্র গতিতে নির্গত জলে টালা, ঘোষবাগান, বনমালী চ্যাটার্জি স্ট্রিট, টালা বারোয়ারি চত্বর সহ ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট এবং বসতবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। শুধু রাস্তা বা বসতবাড়িই নয়, জলের তোড়ে রেললাইন ডুবে গিয়ে চক্ররেল পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়েছে এবং স্থানীয় একটি কালীপুজোর মণ্ডপও জলের তলায় চলে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পুর প্রশাসনের চরম গাফিলতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন, সোমবার ভোর প্রায় ছ’টা নাগাদ একটি ক্লাবের ভেতরের অংশে থাকা বিশাল পাইপটি ফেটে যায়। কিছুক্ষণের মধ্যেই তীব্র বেগে জল উপচে রাজপথ ও অলিগলিতে ছড়িয়ে পড়তে থাকে। একাধিক বাড়িতে কোমর সমান জল ঢুকে যাওয়ায় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন। স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “ভোর ছ’টা নাগাদ ক্লাবের ভেতরের বড় পাইপটি ফেটে যায়। তারপর থেকে দীর্ঘ সময় পুরসভার কোনো আধিকারিক বা কর্মী পরিস্থিতি খতিয়ে দেখতে আসেননি। গোটা এলাকা সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে। বাড়িঘরে জল ঢুকে গিয়েছে এবং অনবরত জল বেরিয়ে আসছে। কোনো কাজই সময়মতো করা হয়নি।” বাসিন্দাদের আরও দাবি, বেশ কিছুদিন ধরেই পাইপটিতে চিড় দেখা গিয়েছিল এবং অল্প অল্প করে জল চুইয়ে বেরোচ্ছিল, কিন্তু বারংবার জানানো সত্ত্বেও পুর প্রশাসন কোনও আগাম পদক্ষেপ নেয়নি।

পাইপ ফাটার তীব্রতায় জল উপচে টালা ব্রিজের নিচে রেললাইনের ওপর চলে আসায় এবং স্টেশন সংলগ্ন স্টেবল ইয়ার্ড প্লাবিত হওয়ায় রেল চলাচলে ব্যাপক বিপর্যয় ঘটে। টালা থেকে মাঝেরহাট পর্যন্ত চক্ররেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। এর জেরে কলকাতা স্টেশন থেকে ছাড়ার কথা থাকা দূরপাল্লার একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের সময়সূচিও পিছিয়ে দিতে বাধ্য হয় পূর্ব রেল কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এদিকে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় কলকাতা পুরসভার পুরকমিশনার স্মিতা পাণ্ডে ঘটনাস্থলে পৌঁছন এবং যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দেন। পুরসভার তরফে জানানো হয়েছে, মাটির নিচে থাকা প্রধান পাইপলাইনে জলের চাপ অত্যন্ত বেশি থাকায় তা সামাল দিতে সময় লাগছে। পাম্প চালিয়ে রেললাইন ও রাস্তা থেকে দ্রুত জল নামানোর চেষ্টা চলছে। এই পাইপ ফাটার কারণে উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশে সোমবার পানীয় জল সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *