iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

দিল্লিতে স্বাভাবিক তাপমাত্রার পূর্বাভাস, কাশ্মীরে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা

নয়াদিল্লি, ১০ নভেম্বর : আগামী কয়েক দিন রাজধানী দিল্লিতে আবহাওয়ার বড় ধরনের কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই এবং তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। তবে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ১২ ও ১৩ নভেম্বর কাশ্মীর উপত্যকায় ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার দিল্লির আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস এবং সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে এই তথ্য জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) বরিষ্ঠ বিজ্ঞানী ডঃ নরেশ কুমার।

আইএমডি বিজ্ঞানী ডঃ নরেশ কুমার জানান, “দিল্লির ক্ষেত্রে আগামী দিনগুলিতে আবহাওয়ায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন আমরা আশা করছি না। এমনকি তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলেই পূর্বাভাস রয়েছে।”

উত্তরের পার্বত্য অঞ্চলের আবহাওয়ার পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, “আগামী দিনগুলিতে একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা (ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স) হিমালয় অঞ্চল এবং সংলগ্ন সমতল এলাকা, বিশেষ করে পঞ্জাবকে প্রভাবিত করতে পারে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ১২ ও ১৩ নভেম্বর কাশ্মীর উপত্যকায় ভারী বৃষ্টি এবং তুষারপাতের জোরালো সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সংলগ্ন সমতল এলাকা, বিশেষ করে পঞ্জাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি অংশে আবহাওয়া সংক্রান্ত বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।”

দক্ষিণ ভারতের আবহাওয়ার গতিপ্রকৃতি তুলে ধরে ডঃ নরেশ কুমার আরও জানান, “দক্ষিণ উপদ্বীপের দিকে তাকালে আজ কেরল এবং তামিলনাড়ুর বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে সামগ্রিকভাবে আগামী দিনগুলিতে তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে এবং আগামী কয়েক দিন পরিস্থিতি এমনই বজায় থাকবে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *