আগরতলা, ৭ সেপ্টেম্বর : প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম) নেতা মানিক সরকার, বর্তমান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং বাম যুব নেতৃত্ব নবারুণ দেবকে নিয়ে সামাজিক মাধ্যমে কুৎসা ও অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করল ডিওয়াইএফআই।
এদিন ডিওয়াইএফআই-এর একটি প্রতিনিধি দল পশ্চিম আগরতলা থানায় গিয়ে থানার আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে। পরে অভিযুক্তদের নাম ও ঠিকানা উল্লেখ করে লিখিত অভিযোগ জমা দেন সংগঠনের নেতৃবৃন্দ। অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বামপন্থী রাজনৈতিক নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।
ডিওয়াইএফআই নেতৃত্বের অভিযোগ, ত্রিপুরা মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকার রাহুল পাল, খোয়াইয়ের চেবরি বাজার এলাকার লিটন রায় এবং আমতলির দীপঙ্কর চক্রবর্তী সামাজিক মাধ্যমে এই ধরনের প্রচার চালিয়ে যাচ্ছেন। তাঁদের বক্তব্য, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং বাম যুব নেতৃত্ব নবারুণ দেবকে নিশানা করছেন।
বাম যুব নেতৃত্বের দাবি, বিষয়টি নিছক ব্যক্তিগত আক্রমণ নয়, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। রাজনৈতিকভাবে বামপন্থীদের মোকাবিলা করতে ব্যর্থ হয়েই একটি মহল সামাজিক মাধ্যমকে ব্যবহার করে কুৎসা ও অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
ডিওয়াইএফআই নেতৃবৃন্দ আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু সেই মতপার্থক্যের সুযোগ নিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ, মিথ্যা তথ্য প্রচার বা কারও সম্মানহানি করার চেষ্টা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সামাজিক মাধ্যমের মতো দ্রুত প্রচারযোগ্য প্ল্যাটফর্মে এ ধরনের অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে বলেও তাঁরা দাবি করেন।
ঘটনায় পুলিশকে অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করার আবেদন জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে করা সংশ্লিষ্ট পোস্ট, মন্তব্য ও অন্যান্য তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ডিওয়াইএফআই নেতৃবৃন্দ। পুলিশের পক্ষ থেকে অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়।

