iframe id='adg_footer_pixel_script' src="//adgebra.co.in/afpf/afpf?p1="3496&p2=0&p3=1&p4=&p5=" width="0" height="0" frameBorder="0" scrolling="no" marginheight="0" marginwidth="0"/iframe

দাবি আদায়ের লড়াইয়ে এক মঞ্চে এনএইচএম-এর দুই হাজার চুক্তিবদ্ধ কর্মী

আগরতলা, ১২ জুলাই  : জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর অধীন রাজ্যে কর্মরত চুক্তিবদ্ধ কর্মচারীরা তাঁদের দাবি-দাওয়া ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে একটি ঐক্যবদ্ধ মঞ্চ গঠন করেছেন। রবিবার রাজধানী আগরতলায় যক্ষা নিবারণি হলে অনুষ্ঠিত সভায় গঠিত হয় ‘এনএইচএম ইউনাইটেড ফোরাম ত্রিপুরা’ নামে নতুন এই সংগঠন।

সভায় দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ৮ সদস্যের একটি অ্যাডভাইজারি কমিটি এবং ৪৫ সদস্যের রাজ্য কার্যকরী কমিটি গঠন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন স্তরে কর্মরত জাতীয় স্বাস্থ্য মিশনের প্রায় দুই হাজার চুক্তিবদ্ধ কর্মচারীর মতামত ও সিদ্ধান্তের ভিত্তিতেই এই সংগঠন আত্মপ্রকাশ করেছে। নতুন কমিটিতে স্বাস্থ্য মিশনের বিভিন্ন শাখা ও বিভাগের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে সকল স্তরের কর্মীদের স্বার্থ ও সমস্যাগুলি যথাযথভাবে তুলে ধরা যায়।

নবগঠিত রাজ্য কার্যকরী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টার্জেন দেব, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গৌতম ভট্টাচার্য এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন দীপঙ্কর দেব।

এদিন সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়। সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত চুক্তিবদ্ধ কর্মীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা ও বঞ্চনার মুখোমুখি হচ্ছেন। পেশাগত নিরাপত্তাহীনতা, বেতন বৈষম্য, সুযোগ-সুবিধার অভাব এবং সরকারি কর্মচারীদের সমতুল্য মর্যাদা না পাওয়ার মতো একাধিক বিষয় কর্মীদের মধ্যে অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নবগঠিত এই মঞ্চ সরকারের সঙ্গে ইতিবাচক ও সুসংগঠিত আলোচনার মাধ্যমে কর্মীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবে। তাঁদের অন্যতম প্রধান দাবি হলো সরকারি কর্মচারীদের মতো সমান অধিকার, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি কর্মক্ষেত্রে স্থায়িত্ব, সামাজিক নিরাপত্তা এবং পেশাগত উন্নয়নের বিষয়গুলিও সরকারের কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

সাংবাদিক সম্মেলনে আরও বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’ গঠনের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন এবং ভবিষ্যতেও সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। তবে সেই লক্ষ্য সফল করতে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত এই বিপুল সংখ্যক কর্মীদের ন্যায্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করাও সমানভাবে জরুরি।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে কর্মীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান সম্ভব হবে এবং স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে এনএইচএম কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *