বিশালগড়, ২৪ অক্টোবর : ত্রিপুরার জনগণের সার্বিক উন্নয়ন এবং সমাজের অন্তিম ব্যক্তির কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণ করছে রাজ্য সরকার। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন এবং নাগরিক পরিষেবা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রকে পাথেয় করে সরকার উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে চলেছে। শনিবার বিশালগড় পুর পরিষদের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
বিশালগড় পুর পরিষদের নবনির্মিত অফিস ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৮৮ লক্ষ টাকা। নতুন ভবন চালু হওয়ার ফলে পুর পরিষদের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা এবং সাধারণ নাগরিকদের বিভিন্ন পরিষেবা প্রদানের ক্ষেত্রে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। এদিন বিশালগড় টাউনহলে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিশালগড় পুর এলাকায় আরসিসি ডেভেলপমেন্ট প্রোজেক্টের অধীনে ৪৭ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে নির্মিত সিসি রাস্তা, ড্রেনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরে এখনও পর্যন্ত রাজ্যে প্রায় ১ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাজ্যের সর্বস্তরের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং নাগরিক পরিষেবা আরও উন্নত করাই সরকারের অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশ্যে শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি সমাজের অন্তিম ব্যক্তির জীবন-জীবিকার মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনগণকে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে সরকার অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যেই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ চালু করা হয়েছে। পাশাপাশি প্রতিটি জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার চালু করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে রোগীরা দ্রুত চিকিৎসা পরিষেবা পেতে পারেন। বর্তমানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ফলে ত্রিপুরাতেই কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বিশালগড় পুর এলাকার নাগরিক পরিষেবা উন্নত করার লক্ষ্যে আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুর পরিষদ এলাকায় পরিবেশবান্ধব বৈদ্যুতিক চুল্লি নির্মাণের কাজ চলছে। দ্রুত এই কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প চালু হলে সংশ্লিষ্ট পরিষেবার ক্ষেত্রে আধুনিক ও পরিবেশবান্ধব ব্যবস্থা গড়ে উঠবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব মহকুমায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরেন। তিনি এলাকার পরিকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক পরিষেবা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল।
এদিন বিশালগড় পুর পরিষদ এলাকার ১০০ জন সাফাই কর্মীর হাতে বিভিন্ন সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। কর্মক্ষেত্রে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও বিশালগড় মহকুমার সাতটি আয়ুষ্মান মন্দিরকে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি মহকুমার নয়টি গ্রাম পঞ্চায়েতকে ‘টিবি মুক্ত গ্রাম পঞ্চায়েত’ হিসেবে শংসাপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক, সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা, অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত, বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিষ্কি সাহা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

